সেই সিপিএলে আবার সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবার এই টুর্নামেন্ট খেলতে গিয়েই দুর্যোগ নেমে এসেছিল তাঁর ক্যারিয়ার ও জীবনে। অনাপত্তিপত্র নেওয়া, না-নেওয়া নিয়ে যাত্রাপথ থেকে ফিরতে হয়েছিল মাঝখানেই। সঙ্গে যোগ করা হয়েছিল আগের আরও কিছু বিতর্ক। ওই টুর্নামেন্ট তো বটেই, তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল ক্রিকেটেই। দুঃসহ সেই সব দিন পেছনে ফেলে মাঠে ফিরেছেন আগেই। জিম্বাবুয়ে সিরিজের পর বিগ ব্যাশ খেলে এখন বিশ্বকাপ খেলার অপেক্ষায়। সাকিব আল হাসান এরপর আবার খেলবেন সেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। বলা যায়, সাকিবের মাঠে ফেরার চক্র পূরণ হচ্ছে। সিপিএলে এবার বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিয়েছে সেন্ট লুসিয়া জুকস।
সিপিএলের প্রথম আসরে সাকিব খেলেছিলেন বারবাডোজ ট্রাইডেন্টে। সেবার ওভারপ্রতি মাত্র ৫.৬৮ রান দিয়ে টর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন (১১টি)। ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে ৬ রানে পেয়েছিলেন ৬ উইকেট, টি-টোয়েন্টি ইতিহাসেই যা দ্বিতীয় সেরা বোলিং। গতবারও খেলার কথা ছিল বারবাডোজেই। এবার সেন্ট লুসিয়া নিল ৫০ হাজার ডলারে। আগের দুবারের মতো এবারও দলটির অধিনায়ক ড্যারেন স্যামি। জুকসে ক্যারিবিয়ানের ফিদেল এডওয়ার্ডস, কেমার রোচ, শেন শিলিংফোর্ড, আন্দ্রে ফ্লেচারদের সঙ্গে বিদেশিদের মধ্যে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কেভিন পিটারসেন, রস টেলর ও হেনরি ডাভিডসকে। কাল জ্যামাইকা থেকে প্রকাশিত তালিকাটি অবশ্য খসড়া। আরও ২৪ ঘণ্টা সময় থাকবে দলগুলোর জন্য, নিজেদের মধ্যে সর্বোচ্চ একজন ক্রিকেটার অদল-বদল করতে। খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
কদিন আগে বিগ ব্যাশে খেলা সাকিব সিপিএলে খেলা নিয়েও বেশ রোমাঞ্চিত। খসড়া তালিকা প্রকাশের আগে টুইট করেছিলেন, ‘আজ সিপিএলের খসড়া প্রকাশিত হচ্ছে, দারুণ রোমাঞ্চিত আমি। আশা করি ক্রীড়ার “সবচেয়ে বড় উৎসবে” অংশ নেওয়ার সুযোগ পাব।’ সুযোগটা পেয়েছেন সাকিব। রোমাঞ্চটা নিশ্চয়ই বেড়েছে আরও!