সেই স্টার্কই বিশ্বকাপ-সেরা

আধমরাদের ঘা মেরে বাঁচানোর কথা সেই কবে লিখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কঠিন এক ‘ঘা’ দেওয়ার জন্য কাল নিশ্চয়ই প্রিয় বন্ধু, ‘মেন্টর’ শেন ওয়ার্নকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মাইকেল ক্লার্ক। ওয়ার্ন ঘা দিয়েছিলেন বলেই না কাল ক্লার্কের হাতে উঠল বিশ্বকাপ ট্রফি!
না, ক্লার্ককে ঘা দিতে হয়নি। ওয়ার্ন ঘা দিয়েছিলেন মিচেল স্টার্ককে। আধমরা না হলেও স্টার্ক ছিলেন একটু উদাসীন, ওয়ার্নের ভাষায় ‘সফট’—নরমসরম। গতি, সুইং, স্কিল সবই ছিল। ছিল না ফাস্ট বোলারসুলভ আগ্রাসন। গত ডিসেম্বরে গ্যাবা টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের হাতে তুলোধুনা হওয়ার সময় ধারাভাষ্যকক্ষে ওয়ার্ন বলেছিলেন, ‘ওকে শরীরী ভাষা বদলাতেই হবে। কেমন যেন সফট মনে হয়...ওকে বুক চিতিয়ে বোলিং করতে হবে, কাঠিন্য আনতে হবে আরও।’ ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তোলার জন্য অমন একটা খোঁচারই হয়তো প্রয়োজন ছিল। মেলবোর্নে পরের টেস্টে বাদ পড়েছিলেন। তিন মাস পর কাল সেই মেলবোর্নেই স্টার্কের হাতে বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরার ট্রফি! পুরো টুর্নামেন্টেই অসাধারণ বোলিং করে দেশকে উপহার দিয়েছেন বিশ্ব শিরোপা।
ওয়ার্নের খোঁচার পর থেকেই তেতে ছিলেন স্টার্ক। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে শেষ টেস্টেই আবার ফেরানো হয়েছিল একাদশে। ওই টেস্টেই চোখে পড়ল রাতারাতি পরিবর্তন। আগুন ঝরানো বোলিং শুধু নয়, শরীরী ভাষায়ও যেন বারুদ! মুরালি বিজয়কে ‘সেন্ড অফ’ দেখিয়ে তিরস্কারও শুনলেন। বদলে যাওয়া স্টার্কের অগ্রযাত্রা তাতে থমকে যায়নি। ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে নিলেন ৪ ও ৬ উইকেট। বিশ্বকাপেও দুর্দান্ত। অকল্যান্ডে ৬ উইকেট নিয়ে দলকে একাই অবিশ্বাস্য এক জয় প্রায় এনেই দিয়েছিলেন। স্কটল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ৪ উইকেট, বাকি সব ম্যাচে ২টি করে। সব মিলিয়ে ২২ উইকেট নিয়ে ট্রেন্ট বোল্টের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি। বাংলাদেশ ম্যাচটি ভেসে যাওয়ায় স্টার্কের ম্যাচ একটি কম। বোলিং গড় (১০.১৮) ও ওভারপ্রতি রান (৩.৫০) সময়ের বিবেচনায় অভাবনীয়।
কালকের একটি উইকেট হয়তো ছাপিয়ে যাচ্ছে ক্যারিয়ারের আর সব উইকেটকে। তিনটি বল, খেলা শুরুর তিন মিনিটের মধ্যে বুঝিয়ে দিয়েছিলেন দিনটি তাঁর ও অস্ট্রেলিয়ার। বিশ্বকাপজুড়ে যিনি বোলারদের আতঙ্ক, স্টেইন-জনসন-মালিঙ্গাদের তুলোধুনা করেছেন, সেই ব্রেন্ডন ম্যাককালামকে নড়বড়ে করে দিয়েছেন প্রথম ওভারেই টানা দুটি ইনসুইঙ্গিং ইয়র্কারে। পরের বলে আবারও তুমুল গতি, নিখুঁত নিশানার ইয়র্কার নাড়িয়ে দিল ম্যাককালামের অফ স্টাম্প। নাড়িয়ে দিলেন আসলে কিউই ব্যাটিং লাইনআপকেও, যেটি আর দাঁড়াতে পারেনি সোজা হয়ে। ম্যাককালাম নিজেও স্টার্ককে মানছেন যোগ্য টুর্নামেন্ট-সেরা, ‘টুর্নামেন্ট-সেরার পুরস্কার ওরই প্রাপ্য। দারুণ গতি, অবিশ্বাস্য রকমের নিখুঁত লাইন-লেংথ মিলিয়ে গোটা টুর্নামেন্টে অসাধারণ বোলিং করেছে।’
স্টার্ক সাফল্যের বড় একটা কৃতিত্ব দিলেন বোলিং কোচ ক্রেইগ ম্যাকডারমটকে, ‘কয়েক মাস ধরেই ক্রেইগের সঙ্গে বোলিং নিয়ে কাজ করছি। কয়েকটা সিরিজ আগে আমরা একসঙ্গে বসে কিছু পরিকল্পনা করেছিলাম। পরিশ্রমের ফল পেয়ে দারুণ লাগছে।’ ম্যাককালামকে দ্রুত ফেরাতে পারাও এই যৌথ পরিকল্পনার ফসল, ‘দিন দুয়েক আগে আমি আর ক্রেইগ মিলে পরিকল্পনা করেছিলাম এভাবেই ওকে আউট করব। তবে পরিকল্পনা করলেই তো শুধু হয় না, ঠিকঠাক কাজে লাগাতে হয়। সেটি পেরেছি বলে ভালো লাগছে।’
৪১ ওয়ানডেতেই ৮৩ উইকেট। এর মধ্যেই পাঁচবার ৫ উইকেট, যার দুটিই ৬ উইকেট। ৪ উইকেট আরও ৬ বার। লাল বলেও সফল হতে শুরু করেছেন। বয়স মাত্রই ২৫। গতি, সুইং, নিখুঁত নিশানা দিয়ে আগামী বেশ কয়েক বছর ব্যাটসম্যানদের আতঙ্ক হয়ে থাকবেন নিশ্চিত। ও হ্যাঁ, থাকবে আগ্রাসনও। ‘সফট’ স্টার্ক এখন যে আগ্রাসী!