সেই স্টোকসই কিউই ঘাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের ১২ বছর বয়সে যদি বাবা জেরার্ড স্টোকস সেই চাকরিটা না নিতেন, তাহলে কি লর্ডস টেস্টের গল্পটা অন্য রকম হতো? হয়তো। নিউজিল্যান্ড রাগবি দলের খেলোয়াড় ছিলেন জেরার্ড। অবসরের পর হয়ে গেলেন রাগবি কোচ। কিউই কয়েকটা ক্লাবকে কোচিং করানোর পর প্রস্তাব এল উত্তর ইংল্যান্ডের ছোট্ট শহর কামব্রিয়ার ক্লাব ওয়ার্কিং টাউন থেকে। ব্যস, পরিবার নিয়ে পাড়ি জমালেন ইংল্যান্ডে। ছেলে বেন স্টোকসের জন্ম হয়েছিল ক্রাইস্টচার্চে। কিন্তু বাবার চাকরির কারণে স্টোকসকেও থিতু হতে হলো ইংল্যান্ডে। হয়ে গেলেন ‘ইংলিশ’ ক্রিকেটার। নিউজিল্যােন্ড জন্মানো যে ইংলিশ ক্রিকেটারের কাছেই পরশু লর্ডস টেস্টটা হারল কিউইরা!
ইংল্যান্ডের প্রথম ইনিংসে জো রুট ৯৮ রান করেছেন, দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন অ্যালিস্টার কুক। টেস্ট জয়ে তাঁদেরও বড় অবদান। কিন্তু আলাদা করে যদি কারও কথা বলতে হয়, সে অবশ্যই স্টোকস। প্রথম ইনিংসে ৯২ রানের পর দ্বিতীয় ইনিংসে লর্ডসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ৯২ বলে ১০১। এটুকুই যথেষ্ট ছিল। কিন্তু স্টোকস যেন পণ করে নেমেছিলেন, টেস্টটাকে একান্তই নিজের করে নেবেন। চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ড ৩৪৫ রান তাড়া করতে নামার পর তাই পরপর দুই বলে কেন উইলিয়ামসন ও ব্রেন্ডন ম্যাককালামকে আউট করে দিলেন বিশাল এক ধাক্কা। পরে মার্ক ক্রেগকে বোল্ড করে নিলেন নিজের তৃতীয় উইকেটটিও। ম্যাচ শেষে অধিনায়ক কুকও যোগ দিলেন স্টোকস-বন্দনায়, ‘ও যেভাবে খেলেছে, আমি কখনো এ রকম ইনিংস দেখিনি। যখন ব্যাট করতে এল, আমরা ১০০ রানের মতো এগিয়ে আছি। দুই ঘণ্টা পরে যখন আউট হলো তখন আমাদের লিড ২৭০-এর মতো। আর এর মধ্যে আমি করেছি মাত্র ১০-এর মতো। কী অসাধারণ খেলেছে। আর বল হাতে যখন পরপর দুটি উইকেট পেল, আমি লর্ডসকে এত গর্জন করতে আর কখনো শুনিনি।’
স্টোকস অবশ্য ‘বিনয়ের অবতার’। অধিনায়কের এত প্রশংসায় যেন লজ্জাই পেলেন, ‘কোনো সন্দেহ নেই এটা আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য টেস্ট হয়ে থাকবে। আমি নেটে বল খুব ভালো মারছিলাম। কিন্তু সত্যি বলতে এ রকম ইনিংস খেলতে পারব—এটা ভাবিনি। কীভাবে যেন হয়ে গেছে!’
অথচ এই টেস্টের অনেকটা সময় নিয়ন্ত্রণ ছিল নিউজিল্যান্ডের হাতে। প্রথম ইনিংসে ১৩৪ রানের লিড নিয়েছিল ম্যাককালামের দল। শেষ দিনের নাটকীয়তায় টেস্ট হেরে তাই হতাশ কিউই অধিনায়ক, ‘মিথ্যা বলব না, বেশ খারাপ লাগছে। দুই ইনিংস মিলিয়ে আমরা ৭৩০ রানের বেশি করলাম, তারপরও ১০০ রানের বেশি ব্যবধানে হেরেছি টেস্টটা। সাফল্য আর ব্যর্থতার মাঝে পার্থক্য এতটাই সূক্ষ্ম।’
এই হতাশা তো আছেই। তবে দলের খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট ম্যাককালাম, ‘কে জানে হেডিংলিতে ফলটা অন্য রকম হতেও পারে। যেটাই হোক, আমাদের ছেলেরা নিজেদের খেলাটাই খেলবে।’
আগামী শুক্রবার থেকে হেডিংলিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এএফপি, রয়টার্স।