সেই স্পিনেই কাবু প্রোটিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সময় যে বনের বাঘে খায়, তা তো নয়। কখনো কখনো মনের বাঘেও খায়। বেঙ্গালুরুতে কাল দক্ষিণ আফ্রিকাকে দেখে অন্তত তা-ই মনে হলো। নইলে যে উইকেটে ২১৪ রান তুলতেই হাশিম আমলার দল সবগুলো উইকেট দিয়ে এল, সেখানে কী অবলীলায় দিন শেষে বিনা উইকেটে ৮০ করে ফেললেন দুই ভারতীয় ওপেনার!
পেস যতটা ভালো খেলে দক্ষিণ আফ্রিকা, স্পিন অবশ্যই ততটা নয়। কিন্তু বেঙ্গালুরুতে প্রথম দিনই যে খুব স্পিন ধরেছে, তাও নয়। সত্যিটা হচ্ছে, উইকেট বিলিয়ে এসেছেন অনেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। আর সেটা প্রমাণের জন্য দিনের শেষ দিকে দুই ভারতীয় ওপেনারের ব্যাটিংকে উদাহরণ হিসেবে টানার দরকার নেই, দক্ষিণ আফ্রিকার ইনিংসেই প্রমাণ আছে। প্রোটিয়া ব্যাটিং-ধসের মধ্যেও তো দারুণ ব্যাটিং করলেন শততম টেস্ট খেলতে নামা এবি ডি ভিলিয়ার্স। ১০৫ বলে ১ ছক্কা আর ১১ চারে সাজানো ৮৫ রানের ইনিংসটাই বলে এই উইকেটে ব্যাটিং করাটাকে কঠিন বানিয়ে ফেলেছিলেন তাঁর সতীর্থরা ব্যাটসম্যানরাই। ডিন এলগার বাজে সুইপ খেলেছেন, আগের টেস্টে ০ ও ১ করে আউট হওয়া ফাফ ডু প্লেসি রান না পাওয়ার দুশ্চিন্তায় খেলতেই পারলেন না, স্বচ্ছন্দ মনে হয়নি জেপি ডুমিনি ও ডেন ভিলাসকেও। কে জানে, মোহালিতে আগের টেস্টে তিন দিনেই ভারতীয় স্পিনে কাবু হয়ে যাওয়ার ধাক্কাটা বোধ হয় এখনো সামলে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
গত কদিনে বেঙ্গালুরুতে অল্পবিস্তর বৃষ্টি হয়েছে। এটিকে মাথায় রেখেই ভারত অধিনায়ক একাদশে অমিত মিশ্রকে না রেখে রাখলেন স্টুয়ার্ট বিনিকে। টস জিতে ফিল্ডিং নেওয়ার পর বোলিংয়ের শুরুটাও বিনি ও ঈশান্ত শর্মার হাতেই। এর আগে বেঙ্গালুরুতে কোনো অধিনায়ক টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন ১৯৭৪ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সিদ্ধান্তটি ছিল সাবেক ভারতীয় অধিনায়ক মনসুর আলী খান পতৌদির। কাল কোহলি অবশ্য সিমিং কন্ডিশন কাজে লাগবে ভেবে ফিল্ডিং নিলেও তাঁর মুখে হাসি ফুটিয়েছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এই দুজন আটটি উইকেট সমানভাবে ভাগাভাগি করে নেওয়ার মাঝে শুধু আমলার উইকেটটি পেয়েছেন পেসার বরুন অ্যারন। ২০১৫ সালে এটি সপ্তম টেস্ট অশ্বিনের, এ নিয়ে এ বছর অষ্টমবারের মতো ইনিংসে ৪ উইকেট পেলেন ভারতীয় অফ স্পিনার। অশ্বিনই এখন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম। ক্রিকইনফো।