সেই স্বপ্নযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্যটা একটু কল্পনা করা যাক।

প্রায় সোয়া দিন ধরে মার খেয়েছেন গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্সদের ব্যাটে। ভিভ রিচার্ডসের ব্যাটে হয়েছেন কচুকাটা, চশমার আড়াল থেকে রানবন্যায় ডুবিয়েছেন ক্লাইভ লয়েড। উইকেটের দুই পাশে আছড়ে ফেলেছেন রিচি রিচার্ডসন। এরপর যখন ক্লান্ত-শ্রান্ত শরীরে ব্যাটিংয়ে নেমেছেন; প্রথম বলটাই গেল কানের পাশ দিয়ে! সে বাউন্সার শিরদাঁড়া দিয়ে বইয়ে দিল ভয়ের শীতল স্রোত। বোলারের নাম জোয়েল গার্নার!

পরের ওভারেই স্বস্তির নিশ্বাস ফেলবেন, সে চিন্তাটা ভুলেও মাথায় আনা যাচ্ছে না। এবার যে আগুন ঝরাতে চলে এসেছেন ম্যালকম মার্শাল। ওদিকে একবুক তৃষ্ণা নিয়ে বল হাতে নেওয়ার অপেক্ষায় অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং বা কলিন ক্রফট।

না, সর্বকালের সেরা কোনো একাদশের গল্প হচ্ছে না। যুগ যুগ ধরে খেলে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের অসংখ্য খেলোয়াড়দের নিয়ে নির্বাচিত কোনো একাদশও এটা নয়। এঁরা সবাই একই সময়ে এক দলে একসঙ্গে খেলেছেন। বিশ্বজুড়ে স্থান-কাল-পাত্র ভুলিয়ে প্রতিপক্ষকে নাচিয়ে ছেড়েছেন। আশির দশকের শুরুতে সর্বজয়ী এ দল যে টানা ২৭টি টেস্ট অপরাজিত ছিল, টানা ১১ ম্যাচে ছিল জয়ী—এ কথায় তাই কেন যেন বিস্ময় জাগে না। বরং এ দল যে মাঝেমধ্যে হারত, এটাই বোধ হয় অবিশ্বাস্য।

১৯৮২ সালে জানুয়ারির সিডনি টেস্ট দিয়ে শুরু হয়েছিল লয়েডদের স্বপ্নযাত্রা। যেটি থেমেছিল সিডনিতেই আরেকটি টেস্টে, সেই জানুয়ারিতেই। মাঝের তিন বছর টেস্ট ক্রিকেটটা চলেছে চেনা এক চিত্রনাট্যে—সিরিজ খেলতে আসবে ক্যারিবীয়রা, প্রতিপক্ষ অবিশ্বাস্য ভালো খেললে ম্যাচটা ড্র হবে, না হলে হার। এমন স্বপ্নযাত্রার মধ্য দিয়ে যেতে পেরেছে খুব কম দলই। ষাটের দশকের শেষ দিকে ইংল্যান্ড দল পেরেছিল ২৬ ম্যাচ অপরাজিত থাকতে। সে দল অবশ্য হার আটকানোতেই (১৭টি ড্র) মনোযোগী ছিল বেশি। এর আগে টানা ২৫ ম্যাচ অপরাজিত ছিল অস্ট্রেলিয়াও। সে যাত্রাটা শুরু হয়েছিল স্যার ডন ব্র্যাডম্যানের হাত ধরে, যে দলের ডাকনামই ছিল ‘অজেয়’। তবে এর চেয়ে বড় কীর্তিটা ছিল অন্য দুটি অস্ট্রেলিয়া দলের। স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া জিতেছিল টানা ১৬ টেস্টে। এর মাঝে পন্টিংয়ের দল হারেনি টানা ২২ ম্যাচ।

হঠাৎ করে এভাবে ইতিহাস নিয়ে টানাটানির কারণটাও একটু জানিয়ে দেওয়া ভালো। বিরাট কোহলির অধীনে টানা ১৯ ম্যাচ হারের মুখ দেখেনি ভারত। অস্ট্রেলিয়া সিরিজেও সে ধারা বজায় থাকলে পন্টিং-গিলক্রিস্টের রেকর্ডটা যে চলে যাবে কোহলি-অশ্বিনদের পেছনে। সামনে থাকবে আরও বড় অর্জনের হাতছানি।

টেস্টেটানাঅপরাজিত

             ম্যাচ              সময়কাল      জয়      ড্র

২৭    ওয়েস্ট ইন্ডিজ  ১৯৮২-৮৪    ১৭     ১০

২৬    ইংল্যান্ড        ১৯৬৮-৭১     ৯     ১৭

২৫    অস্ট্রেলিয়া      ১৯৪৬-৫১    ২০     ৫

২২    অস্ট্রেলিয়া      ২০০৫-০৮    ২০     ২

১৯     ভারত         ২০১৫-১৭     ১৫     ৪