সেই স্মৃতি ভোলেননি রায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ব্যাটে আরও রান খুঁজছেন রায়না l প্রথম আলো
এই ব্যাটে আরও রান খুঁজছেন রায়না l প্রথম আলো

র‌্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে, এ বিশ্বকাপে ফর্ম বিচারেও তা-ই। গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলোতেই শুধু জেতেনি মহেন্দ্র সিং ধোনির দল, প্রতিপক্ষকে অলআউটও করেছে। তবে উড়তে থাকা এই ভারতও আজ হালকাভাবে নিচ্ছে না প্রতিপক্ষ বাংলাদেশকে। বরং বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়েই ভারতের আসল বিশ্বকাপ শুরু হচ্ছে বলে মনে করেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না।
সব রকম পরিসংখ্যানে এগিয়ে থাকলেও মেলবোর্নে আজকের ম্যাচ নিয়ে কোনো গা-ছাড়া ভাব নেই ভারতের। কারণ একটাই, ২০০৭ সালে এই বাংলাদেশের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারত। ওই দলে আরও ছিলেন সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, যুবরাজ সিংয়ের মতো প্রতাপশালী সব ব্যাটসম্যান। সেই স্মৃতিতে ধুলো জমেনি বলেই আজও বাংলাদেশকে নিয়ে সতর্ক রায়না, ‘বাংলাদেশকে আপনি হালকাভাবে নিতে পারেন না। তারা ভারতের বিপক্ষে আগে ভালো করেছে, ২০০৭ সালে আমরা তাদের কাছে হেরেছি। এশিয়া কাপেও (২০১২ সাল) আমরা তাদের কাছে হেরেছি।’
শুধু আজকের কোয়ার্টার ফাইনাল নয়, পরের দুটি ম্যাচ জিতে শিরোপা ধরে রাখার কথাও ভাবছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর সে জন্যই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা গুরুত্বপূর্ণ রায়নাদের কাছে, ‘এটা নকআউট ম্যাচ। এখানে ভুল করলে শোধরানোর সুযোগ নেই। তবে আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই ভালো করেছি। এখন শুধু আর তিনটি ম্যাচে এটা ঠিকঠাক করে যেতে হবে। আসল বিশ্বকাপ শুরু হচ্ছে এখান থেকেই।’
দলের ভালো খেলার সুবাদে সমর্থকদের ক্রমবর্ধমান প্রত্যাশাকে আবার বাড়তি চাপ হিসেবে নিচ্ছেন না রায়নারা, ‘নকআউট ম্যাচে তো সব সময়ই চাপ থাকে। আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। তা ছাড়া অস্ট্রেলিয়ায় আমাদের প্রায় সাড়ে ৪ মাস হয়ে গেল। অন্য যেকোনো দলের তুলনায় কন্ডিশনের সঙ্গে আমরাই বেশি মানিয়ে নিয়েছি। এখন মাঠে নেমে নিজেদের খেলাটা খেললেই হবে।’
পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানের ইনিংস দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের দুটি ম্যাচে নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি রায়না। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আউট হয়েছেন যথাক্রমে ৬ ও ২২ রান করে। ব্যাট করার সুযোগ পাননি সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে অপরাজিত সেঞ্চুরি (১১০*) তাঁকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার। বাংলাদেশের বিপক্ষেও ছন্দটা ধরে রাখতে চান রায়না, ‘দল যা চায় আমি সেভাবেই ব্যাট করতে তৈরি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়।’ এএফপি।