সেই হাসানই নায়ক

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণার পর অনেকেরই মনে প্রশ্ন জেগেছিল—আবুল হাসান কেন? সামাজিক মাধ্যমগুলোতে তাঁকে খোঁচা মেরেই বলা হয়েছে ‘অলরাউন্ডার’। সেই হাসান যেন মাঠেই জবাব দিলেন। আগের ম্যাচে ফিফটির পাশাপাশি প্রথম স্পেলেই ২১ রানে ৩ উইকেট নিয়ে দলকে তুলেছিলেন ফাইনালে। এবার ফাইনালেও জয়ের নায়ক তিনি। বিসিবি উত্তরাঞ্চলকে ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে ৩ উইকেটে হারিয়ে প্রথম বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট জিতে নিল ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল।
প্রথমে ব্যাট করে ওপেনার মাহমুদুল হাসানের ১০৭ ও নাসির হোসেনের ৯৬ রানের সৌজন্যে ৯ উইকেটে ২৯১ রান তোলে উত্তরাঞ্চল। ফাইনালে ফেবারিট ছিল তারাই। ম্যাচের সিংহভাগ দলের লাগামও ছিল তাদের হাতে। কিন্তু কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা বের করে নিলেন হাসান।

বল হাতে ৬ ওভারে ৪০ রান দিয়ে এক উইকেট, ব্যাট হাতে অপরাজিত ৩৯। ম্যাচটা দেখে না থাকলে আবারও প্রশ্নের তিরই ছুটে যায়? ম্যাচ সেরা হাসান কেন? পূর্বাঞ্চলের শিরোপা জেতার পেছনে অধিনায়ক মুমিনুল নিজে যেমন ভূমিকা রেখেছেন, অবদান ছিল ওপেনার লিটন দাসেরও। তবে দুজনকে ছাপিয়ে অলরাউন্ডার ভূমিকায় অবতীর্ণ হওয়ায় ম্যাচের মূল নায়ক হাসান। ৩৩ ওভারে ১৮৬ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচটা পূর্বাঞ্চলের নাগালের বাইরেই চলে গিয়েছিল প্রায়। ৭৮ বলে ৯২ রান দরকার, হাতে মাত্র শেষ ৪ উইকেট।
এই অবস্থায় দলকে জয়ের বন্দরে পৌঁছাতে আসল কাজটি করেছেন হাসান, সঙ্গে ছিলেন আসিফ আহমেদ। সপ্তম উইকেট জুটিতে ৫৬ বলে ৫৫ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফেরান। ৪৬ রান করে আসিফ ফিরে গেলে আরাফাত সানিকে নিয়ে মাত্র ১৬ বলে ৪০ রানের ঝোড়ো জুটি গড়েন হাসান। বৃষ্টির কারণে ৪৬ ওভারে ২৭৮ রানের লক্ষ্য নির্ধারিত হয়েছিল তাদের। এক ওভার বাকি থাকতেই জিতে যায় পূর্বাঞ্চল।
২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৫ রান করেই ফিরে গেলেন চোট কাটিয়ে ফেরা তামিম ইকবাল। এরপর দ্বিতীয় উইকেটে ১০২ রান যোগ করে দারুণভাবে দলকে এগিয়ে নেন লিটন ও মুমিনুল। তাইজুলের বলে ফেরার আগে ৫০ রান করে জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবিটা আরেকবার জোরালো করলেন লিটন। ২০ ওভারে ২ উইকেটে ১৩১ রান তোলার পর বৃষ্টির কারণে থেমে গেল খেলা। বৃষ্টির পর পূর্বাঞ্চলের নতুন লক্ষ্য দাঁড়ায়। ৪ ওভার কমালেও লক্ষ্য কমেছে মাত্র ১৩ রান। ফলে কাজটা আরও কঠিনও হয়ে যায়। সেটিকে কঠিনতম হয়ে দাঁড়ায় ৫৬ রানের ব্যবধানে ৪ উইকেট পড়ে গেলে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল মুমিনুলের উইকেটটি। রান আউটে কাটা পড়ার আগে পূর্বাঞ্চল অধিনায়কের সংগ্রহ ৭৮।
৬ উইকেট পড়ার পরই নামেন হাসান। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।