সেই 'ফিনিশার' নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটছেন নাসির হোসেন, অসহায় তাকিয়ে মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিং-বোলিং-নেতৃত্বে চেষ্টার কমতি রাখেননি মাশরাফি, কিন্তু ফতুল্লায় কাল বাকি সব ম্লান নাসিরের ব্যাটিং-দ্যুতিতে l শামসুল হক
ছুটছেন নাসির হোসেন, অসহায় তাকিয়ে মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিং-বোলিং-নেতৃত্বে চেষ্টার কমতি রাখেননি মাশরাফি, কিন্তু ফতুল্লায় কাল বাকি সব ম্লান নাসিরের ব্যাটিং-দ্যুতিতে l শামসুল হক

মোসাদ্দেক হোসেন ব্যাট করতে নামছেন। অনেকটা ঢুকেও গেছেন মাঠে। সীমানাদড়ির পাশে দাঁড়ানো কোচ সরওয়ার ইমরান ডেকে বললেন, ‘এক-এক করে নিয়ে নাসিরকে স্ট্রাইক দিস।’ দুটি ব্যাপার বুঝে নিতে পারেন এখান থেকে। দেশের শীর্ষ এক দিনের ম্যাচের টুর্নামেন্টেও ন্যূনতম মৌলিক ব্যাপারগুলো এভাবে বলে দিতে হয়। পাশাপাশি এটাও বুঝে নিতে পারেন, আবাহনী কোচের কাছে কত বড় ভরসার নাম নাসির হোসেন!
মোসাদ্দেক (১২ বলে ২) কোচের কথা রাখতে পারেননি। তবে নাসির ঠিকই কোচের ভরসার প্রতিদান দিয়েছেন অসাধারণ এক অপরাজিত ইনিংসে। আবাহনী-মোহামেডান দ্বৈরথ অতীতের কঙ্কাল হয়ে গেছে অনেক দিনই। ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ শব্দটি এই লড়াইকে ভ্রুকুটি করে প্রায়ই। নেই সেই ঝাঁজ, উত্তেজনা। কাল ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আলোকিত হলো যেন সেই সোনালি অতীতের খানিকটা আভায়। দুদলেরই সমর্থক গোষ্ঠী নিজ নিজ দলের ড্রেসিংরুমের সামনে। গলা ফাটানো চিৎকার, পাল্টাপাল্টি দুয়োধ্বনি, বাদ্য-বাজনা ফিরিয়ে আনল সেই আবহ। ম্যাচটাও পরীক্ষা নিল স্নায়ুর। শুরুতে শুভাশিসের দুর্দান্ত বোলিংয়ে কম্পমান মোহামেডান, পরে আরিফুলের অসাধারণ সেঞ্চুরিতে অনুমানকে ছাড়িয়ে যাওয়া পুঁজি, রান তাড়ায় শুরুতেই হোঁচট আবাহনীর, পরে পেশাদারি ব্যাটিংয়ে এগিয়ে যাওয়া, মাশরাফির দারুণ বোলিং ও অধিনায়কত্বে মোহামেডানের ফেরা, শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে নাসির—অসংখ্যবার নিয়ন্ত্রণ হাতবদল হওয়া ম্যাচ ছিল আদর্শ নাটকীয় ওয়ানডের যাবতীয় সব উপাদানে ঠাসা। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের অনায়াস জয়ের খবরটি ফতুল্লায় চলে এসেছিল আগেই। স্বস্তি আর আনন্দে একাকার তাই আবাহনীর জয়ের উচ্ছ্বাস।
আরিফুল আর নাসিরের ক্যারিয়ারের গল্পটিও কালকের ম্যাচের মতোই। দুজনই রংপুরের ছেলে, একসঙ্গে খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেটে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে পাশাপাশিই ছিলেন দুজন। নানা কারণে পরে সময়ের স্রোতে মিলিয়ে যান আরিফুল, নাসির পেয়ে যান ওপরে ওঠার চলন্ত সিঁড়ির দেখা। বছর দেড়-দুই হলো, আবার ক্রিকেটের মূল স্রোতে ফিরেছেন আরিফুল। কাল দলের উদ্ধারকর্তায় পরিণত হতে হতেও ঠিকই ঢাকা পড়ে গেলেন নাসিরের ছায়ায়!

আরিফুল: ১০৯
আরিফুল: ১০৯


নাসিরকে মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন ফরহাদ ও রকিবুল। প্রাথমিক পর্বের সেরা ব্যাটসম্যান লিটন আউট প্রথম ওভারেই, বাঁহাতি পেসার সাজিদুলের অনেক বাইরের বল তাড়া করে উইকেটকিপার মিঠুনের দারুণ ক্যাচের শিকার। দুর্দান্ত এক ফ্লিকে মাশরাফিকে ছক্কায় স্বাগত জানানো মজিদ পরে মাশরাফির বলেই ক্যাচ দিয়েছেন মিঠুনকে। রানে থাকা দুই ওপেনারকে হারিয়ে ফেলা মানে ড্রেসিংরুমেও দমবন্ধ পরিবেশ। তৃতীয় উইকেটে ফরহাদ-রকিবুলের জুটিতে আবার সুবাতাস। এখানেও মঞ্চে আবির্ভাব আরিফুলের, গালি থেকে সরাসরি থ্রোতে রকিবুলকে ফিরিয়ে ভেঙেছেন ৭৮ রানের জুটি। বাকি প্রায় সবটুকু নাসিরের গল্প। ‘প্রায়’ বসাতে হচ্ছে মাশরাফির জন্য। শেষ স্পেলে দুর্দান্ত বোলিং করে ফিরিয়েছেন চামারা সিলভা ও মোসাদ্দেককে। নাসিরকে ঠেলে দিয়েছেন কঠিন পরীক্ষায়। ২২ বলে যখন প্রয়োজন ৪১, আফগান লেগ স্পিনার রহমত শাহকে লং অন দিয়ে ওড়ালেন নাসির। পরের দুই বলে স্কয়ার লেগ দিয়ে। শেষ ওভারে চাই ৭ রান, প্রথম বলে জিয়াউরকে ফিরিয়ে সেই রহমতই জমিয়ে দিয়েছিলেন ম্যাচ। পরের বলেই নাসিরের চারে উত্তেজনার ইতি। পঞ্চাশ ছুঁয়েছিলেন ৫৬ বলে, পরের ১৩ বলে ৩২! পুরো ইনিংসে একবারের জন্যও মনে হয়নি চাপে আছেন। পায়ে ক্র্যাম্প করায় চিকিৎসা নিতে হয়েছে দুবার, শেষ দিকে প্রায় খোঁড়াচ্ছিলেন। এসব আরও বাড়িয়েছে ইনিংসটির মহিমা।
সকালে শুভাশিসের তোপে ৩৮ রানে মোহামেডানের ৪ উইকেট নেই। পঞ্চম উইকেটে নাঈমকে নিয়ে আরিফুলের ১২১ রানের জুটি। ৯৮ বলে নাঈমের বাউন্ডারিহীন ৫১। ৯২ বলে পঞ্চাশ ছোঁয়া আরিফুলের পরের পঞ্চাশ ৩৯ বলে। শেষ দিকে তিন ছক্কায় ২৭ বলে ৩৮ রান করা মাশরাফি সাকলাইন সজীবকে একবার উড়িয়েছেন সাইটস্ক্রিনের সামনে, একবার পেছনে।
তখন কে জানত, ধুলোর স্তর পড়ে যাওয়া ‘দ্য ফিনিশার’ পরিচয়টা এ দিনই আবার উদ্ভাসিত করে তুলবেন নাসির হোসেন!
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান: ৫০ ওভারে ২৪০/৭ (আরিফুল ১০৯, নাঈম ৫১, মাশরাফি ৩৮; শুভাশিস ৪/৫৬)।
আবাহনী: ৪৯.৪ ওভারে ২৪১/৭ (নাসির ৮২*, ফরহাদ হোসেন ৫৯, রকিবুল ২৯, মজিদ ২৭, চামারা ২৫; মাশরাফি ৩/৪২)।
ফল: আবাহনী ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন।