সেঞ্চুরি করতেই হবে তাগিদ নেই বলে সেঞ্চুরি পান কোহলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের জন্য খেলেই সেঞ্চুরি পেয়ে যান কোহলি। ফাইল ছবি
দলের জন্য খেলেই সেঞ্চুরি পেয়ে যান কোহলি। ফাইল ছবি

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি শচীন টেন্ডুলকারের। ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি ৫১টি টেস্ট সেঞ্চুরি। সব মিলিয়ে ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি। ২০১৩ সালের নভেম্বরে ‘লিটল মাস্টারে’র বিদায়ের সময়ও ভাবা যায়নি, এই রেকর্ড একদিন হুমকির মুখে পড়তে পারে। কিন্তু তাঁর দেশেরই এক তরুণ যে অবিশ্বাস্য গতিতে এগোচ্ছেন! অন্তত ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটা তো হুমকির মুখেই আছে।

ক্যারিয়ারে আর কতটা পথ পেরিয়েছেন? এরই মধ্যে ৩০টি ওয়ানডে সেঞ্চুরি করে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কোহলি। এখনো খেলে যাচ্ছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সেঞ্চুরির সংখ্যায় কোহলির কাছাকাছি আছেন কেবল দক্ষিণ আফ্রিকার দুই তারকা—হাশিম আমলা (২৫) ও এবি ডি ভিলিয়ার্স (২৪)। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলও ২২টি সেঞ্চুরি পেয়েছেন। কিন্তু এই তিনজনের ক্যারিয়ার যে কোহলির আগেই শেষ হবে, সেটা বলে দেওয়াই যায়।
কোহলির মোট আন্তর্জাতিক সেঞ্চুরি ৪৭টি। এখনো খেলে যাচ্ছেন এমন ক্রিকেটারদের মধ্যে তাঁর ওপরে আছেন কেবল হাশিম আমলা—৫১টি। বয়সে আমলার চেয়ে ৬ বছরের ছোট কোহলি আরও বছর দশেক আন্তর্জাতিক ক্রিকেট তো খেলবেন। গত ৯ বছরে ৪৭ সেঞ্চুরি করার ধারা ধরে রাখলে টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতেও পারেন।
তাঁর মতো সেঞ্চুরি করার হার যে আর কারও নেই। সমসাময়িকদের মধ্যে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি ৪৫টি, স্টিভ স্মিথের ২৮, কেন উইলিয়ামসনের ২৬, জো রুটের ২৩। এত অনায়াসে কীভাবে এত সেঞ্চুরি করে চলেছেন? সেই রহস্য জানালেন কোহলি।
‘সেঞ্চুরি করতেই হবে’—এমন কোনো লক্ষ্য স্থির করে তিনি মাঠে নামেন না। ফলে সেই চাপ থাকে না তাঁর ওপর। কোহলি বললেন, ‘আমি তিন অঙ্কের জন্য কখনোই লক্ষ্য স্থির করি না। সে কারণেই খুব সম্ভবত আমি সেটা বেশি করে পাই। আমি এটা নিয়ে একেবারেই ভাবি না। সে কারণেই আমাকে সেঞ্চুরি পেতেই হবে, এমন চাপে নিজেকে ফেলি না। আমার কাছে দলের জয়টাই আসল।’
ম্যাচ শেষে ৯৮ বা ৯৯ রানে অপরাজিত থাকাটা কোহলির জন্য আফসোসের কোনো বিষয় নয়। ম্যাচ শেষে যদি দল জেতে, তাহলে সেঞ্চুরি থেকে ১ বা ২ রান দূরে থাকাটাও তাঁর জন্য আনন্দের, ‘আমি আগেও বলেছি, যদি আমি ৯৮ বা ৯৯ রানে অপরাজিত থাকি, তাতে আমার কোনো সমস্যা নেই। এমন করেই কীভাবে যেন আমি সেঞ্চুরি পেয়ে যাই। কারণ, দলকে জেতাতে আপনাকে শেষ পর্যন্তই ব্যাট করতে হবে। সুতরাং সেঞ্চুরি করার কোনো প্রণোদনা নিয়ে আমি কখনোই মাঠে নামিনি। এমন প্রণোদনা নিয়ে ভবিষ্যতেও আমি মাঠে নামব না।’
ক্যারিয়ারের বাকি সময়টা এভাবেই খেলে যেতে চান কোহলি, ‘আমি যত দিনই খেলি, ৮ বছর, ১০ বছর কিংবা ১২ বছর, আমি কখনোই সেঞ্চুরির কথা ভেবে খেলব না। কারণ, এটা খুব সহজে ধরা দেয় না। আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি দলের জয়ে কতটা অবদান রাখতে পারছি, আমি দলের জন্য নিজের ১২০ শতাংশ দিতে পারছি কি না। এভাবে নিজেকে প্রস্তুত করাটাই আমি মনে করি ব্যক্তিগত অর্জনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।’ সূত্র: ক্রিকইনফো।