সেঞ্চুরি করে আফসোস বাড়ালেন সাঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারের জার্সিতেও রানের ফুলঝুরি।
সারের জার্সিতেও রানের ফুলঝুরি।

ভীষণ হাঁপিয়ে উঠলেন। পানি আনতে ড্রেসিংরুমের দিকে ইশারা করলেন। বয়স তবে ছুঁয়েই ফেলল কুমার সাঙ্গাকারাকে? ঠিক তা নয়। সাঙ্গা হাঁপিয়ে উঠেছেন চোখের আরাম দেওয়া তাঁর ধ্রুপদি ব্যাটিংয়ের কারণেই। রানিং বিটুইন দ্য উইকেটে অতি তৎপর থাকলে হাঁপিয়ে তো উঠতেই হয়। বাউন্ডারি নয়, ঝুঁকিপূর্ণ শট নয়। বলের সঙ্গে পাল্লা দিয়ে এক-দুই করে রানের চাকা সচল রেখে ইনিংস এগিয়ে নেওয়া—কে বলবে এই সাঙ্গা কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট বিদায় জানিয়েছেন, একেবারে ব্যাট-প্যাড তুলে রাখার প্রহর গুনছেন!
৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও কাউন্টি ক্রিকেট ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন লঙ্কান কিংবদন্তি। এখানেও যথারীতি সাঙ্গা-জাদু। আজ কেনিংটন ওভালে নটিংহামশায়ারের বিপক্ষে খেললেন ১৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস। সারের হয়ে লিস্ট ‘এ’ ম্যাচে এটি চতুর্থ সর্বোচ্চ রান। গত ছয় বছরে দলটির হয়ে এটাই সর্বোচ্চ। সাঙ্গার সেঞ্চুরিতে সারে নির্ধারিত ৫০ ওভারে করল ৫ উইকেটে ৩০০। জবাবে এই প্রতিবেদন লেখার সময় ১৮ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে নটিংহামশায়ার।
সাঙ্গার পুরো ইনিংসটা ছিল দেখার মতো। ফিফটি করেছেন ৫৫ বলে। সেঞ্চুরি পৌঁছাতে লেগেছে আর ৪৮ বল। সেঞ্চুরির পথে চার মেরেছেন মাত্র ছটি আর ছয় একটি। সংহার রূপে আবির্ভাব হয়েছেন সেঞ্চুরির পরই। পরের ৫০ এসেছে মাত্র ২৯ বলে। ১৫০ রান ছুঁয়ে হ্যারি গারনের এক ওভারে মেরেছেন পরপর তিনটা চার। চোখধাঁধানো সব শটে মুগ্ধ করলেন আরও একবার। পুরো ইনিংসে সিঙ্গেলস ও ডাবলসের ওপর ভর করে তুলেছেন ৭৪ রান। বাউন্ডারিতে এসেছে ৫৮। সময়ের প্রয়োজনে কখনো শান্ত-সৌম্য, কখনো রুদ্র রূপ—ব্যাটের আঁচড়ে ২২ গজের ক্যানভাসে আঁকলেন আরও একটি দৃষ্টিনন্দন ছবি।

লঙ্কান কিংবদন্তির এ অনবদ্য উপহার আফসোস বুঝি আরও বাড়িয়ে দিল শ্রীলঙ্কার সমর্থকদের। যাঁরা এখনো আফসোস করছেন, আহা সাঙ্গা আরও কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতেই পারতেন!