
সেঞ্চুরিটা আগের ম্যাচেই পেতে পারতেন! দলের জয় নিশ্চিত করতে তাঁর অতিসাবধানী ও অন্য প্রান্তে নাসির হোসেনের মারকাটারি ব্যাটিং—এই দুইয়ে মিলেই সুযোগটা হাতছাড়া হয়েছিল রকিবুলের। রকিবুল বলেছিলেন, ‘দলের জয়টাই আসল।’ কিন্তু সেঞ্চুরি হারানোর আক্ষেপ না থেকে পারেই না। তবে সেটা ঝেড়ে ফেলতে সময় নিলেন না জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান। কাল সেই ফতুল্লাতেই আক্রমণাত্মক ব্যাটিং করে তুলে নিলেন ক্যারিয়ারের চতুর্থ লিস্ট ‘এ’ সেঞ্চুরি। তাঁর দল প্রাইম দোলেশ্বর ভিক্টোরিয়াকে হারিয়েছে ৯১ রানে। এই জয়ে শিরোপার লড়াইয়ে ভালোভাবেই রইল দোলেশ্বর।
টস জিতে ব্যাটিং নিয়ে রকিবুলের ১০০ এবং শচীন বেবি (৯২ বলে ৬৪) ও নাসির হোসেনের (৪২ বলে অপরাজিত ৭৪) বিপরীত ধরনের দুই ফিফটিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৩ রান তোলে দোলেশ্বর। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে যেটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। পাহাড় ডিঙানোর অভিযানে নামা ভিক্টোরিয়া ৪৫.২ ওভারেই অলআউট ২৪২ রানে। এই হার শিরোপার দৌড় থেকে ছিটকে দিয়েছে ভিক্টোরিয়াকে।
দোলেশ্বর প্রথম ওভারেই হারায় ওপেনার ইমতিয়াজকে। এরপর রনি তালুকদারকে নিয়ে ৭০ রানের জুটি ব্যাটিং ওপেনার রকিবুলের। ১৩তম ওভারে রনির বিদায়ের পর ইনিংসের বৃহত্তম ১২৪ রানের জুটিটি শচীন বেবিকে নিয়ে গড়েন রকিবুল। ৩৫তম ওভারে মুমিনুল হকের পঞ্চম বলটাকে লং অনে ঠেলে ২ রান নিয়ে সেঞ্চুরি পুরো করা রকিবুল আউট হয়েছেন পরের ওভারেই। অফ স্পিনার এনামুল হককে ছক্কা মারতে চেয়েছিলেন, কিন্তু ডিপ মিড উইকেট থেকে অনেকটা বাঁয়ে দৌড়ে জুবায়ের আহমেদ তালুবন্দী করেন বলটাকে।
৪৯ বলে ফিফটি ও ৯৪ বলে সেঞ্চুরি ছোঁয়া রকিবুলের লিস্ট ‘এ’ ম্যাচে সর্বশেষ সেঞ্চুরি ২০১০-১১ মৌসুমে জাতীয় লিগের ওয়ানডে আসরে (১০১*, বরিশাল-খুলনা)। ঢাকা প্রিমিয়ার লিগে রকিবুল সর্বশেষ শেষ সেঞ্চুরি পেয়েছিলেন আরও বছর দেড়েক আগে ২০০৯ সালের এপ্রিলে (১৭১*, মোহামেডান-পারটেক্স)।
রকিবুলের গড়া ভিত্তির ওপরে দাঁড়িয়ে তাণ্ডব চালিয়েছেন নাসির। আগের ম্যাচে ৩৭ বলে ফিফটি ছোঁয়া জাতীয় দলের ব্যাটসম্যান কাল মাত্র ৩১ বলে ফিফটি করেছেন। শেষ ১৫ ওভারে ১৩২ রান তুলেছে দোলেশ্বর।
জবাবে ভিক্টোরিয়ার প্রথম তিন ব্যাটসম্যান আবদুল মজিদ, জুবায়ের আহমেদ ও মুমিনুল হক ফিফটি করেছেন। তবে আস্কিংরেটের সঙ্গে পাল্লা দিতে গিয়ে উইকেট বিলিয়ে এসেছেন প্রত্যেকেই। মুমিনুল তো সহজ ক্যাচ তুলেও বেঁচেছেন দুবার। বাকিরা শুধু ব্যবধানই কমিয়েছেন।