সেঞ্চুরি করে নিজের কাজটা করে রাখলেন নাসির

তাঁর জাতীয় দলের সতীর্থরা এখন ব্যস্ত নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। নাসির হোসেনও বসে নেই, তিনি ব্যস্ত জাতীয় লিগ নিয়ে। অনেক দিন ধরেই অবশ্য বাংলাদেশ দলে ব্রাত্য তিনি। দলে থাকেন ঠিকই, একাদশে সুযোগ পান না খুব একটা। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে যে ওয়ানডেতে জিতল বাংলাদেশ, সেটিতে দুর্দান্ত খেলার পরও নাসিরের ঠাঁই মেলেনি পরের সিরিজে।
বারবার দলের বাইরে থাকার প্রতিক্রিয়ায় নাসির বলেছিলেন, ‘আমার কাজ রান করা, সেটাই করে যাব।’ সিলেটে জাতীয় লিগে সিলেটের সঙ্গে নিজের কাজটা করে রাখলেন রংপুরের এই ব্যাটসম্যান। নাসিরের সেঞ্চুরিতে দিনটা আজ স্বস্তিতে শেষ করেছে রংপুর।
আগের দিনের ৬ উইকেটে ২০৩ রানের সঙ্গে ৪ উইকেটে ৬৯ রান যোগ করে আজ প্রথম ইনিংসে সিলেট অলআউট ২৭২ রানে। ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে রংপুরও। ২৯ রানে তারা হারিয়েছে ৪ উইকেট। নাসিরের লড়াই শুরু এরপরই। তাঁর প্রথম রানই এসেছে বাউন্ডারি থেকে। ৭৩ বলে করেছেন ফিফটি। এর মধ্যে বাউন্ডারি থেকে পেয়েছেন ৩৪ রান। সেঞ্চুরি পেয়েছেন ১৩২ বলে। দিন শেষে অপরাজিত ১০৫ রানে। ইনিংস সাজিয়েছেন ১৪টি চার ও ১টি ছয়ে। রংপুর দিন শেষ করেছে ৫ উইকেটে ১৭৫ রান তুলে।
ছয় বছর পর জাতীয় লিগে সেঞ্চুরি পেলেন নাসির। প্রথম শ্রেণির ক্রিকেটে সেটি আড়াই বছর আর যেকোনো ম্যাচের হিসেবে দেড় বছর। অবশ্য মিডল ও লোয়ার মিডল অর্ডারে নেমে ৩৫-এর ওপরে গড় বলছে, প্রথম শ্রেণির ক্রিকেটটাও ভালো খেলেন এই অলরাউন্ডার।