সেঞ্চুরি করেও আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট ভিনসেন্টে অধিনায়কের সেঞ্চুরিতেই মিলেছে অন্ধকারে একটু আলোর রেখার সন্ধান l ডব্লুআইসিবি ওয়েবসাইট
সেন্ট ভিনসেন্টে অধিনায়কের সেঞ্চুরিতেই মিলেছে অন্ধকারে একটু আলোর রেখার সন্ধান l ডব্লুআইসিবি ওয়েবসাইট

হাসছিলেন, তবে ততটা বিস্তৃত হাসি নয়। কোথায় যেন একটা বাধা। অস্বস্তি। সেঞ্চুরি করার আনন্দদায়ী অনুভূতিটা পাখা মেলার আগেই হারিয়ে যাচ্ছিল বিষাদে।
ভারতের বিপক্ষে ১০১, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০, পরশু ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটা করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১১৬ রান। মুশফিকুর রহিম তার পরও প্রাণ খুলে হাসতে পারছিলেন না। সেঞ্চুরিটিকে উদ্‌যাপন করতে পারছিলেন না। এই সেঞ্চুরি যে দলের কোনো কাজেই লাগেনি!

পরশু ম্যাচ শেষে আর্নস ভেল মাঠের ড্রেসিংরুমের সামনে পাওয়া মুশফিককে এই সিরিজের মতোই অনুজ্জ্বল দেখাল। আক্ষেপ করে বলছিলেন, ‘কারও ব্যক্তিগত ইনিংস যদি দলের কাজে না লাগে, তাহলে তো সেটা ব্যর্থ হয়ে যায়। আমার ক্যারিয়ারের জন্য হয়তো এটা ভালো। তবে সেটা দলের কাজে না লাগাটা সত্যিই হতাশাজনক।’

সেঞ্চুরির কাছাকাছি যাওয়ার পরও একটা পর্যায়ে মনে হচ্ছিল, সেঞ্চুরিটা হয়তো ফসকেই যাবে। তিনি অপরাজিত থেকে যাবেন, সঙ্গী থাকবে না অপর প্রান্তে। শেষ পর্যন্ত তা না হওয়ায় মুশফিক বিশেষভাবে ধন্যবাদ দিলেন শেষ উইকেট জুটির সঙ্গী আল আমিনকে, ‘২-৩ উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল সেঞ্চুরিটা মিস হয়ে যেতে পারে। তবে প্রথম ইনিংসের ভুল না করে আল আমিন দ্বিতীয় ইনিংসে অন্তত লড়াই করেছে, সেটা আমার ভালো লেগেছে।’

যে ম্যাচ শেষ হয়ে যেতে পারত চতুর্থ দিনে, সেটাকে পঞ্চম দিনে টেনে নিয়ে যাওয়ায় সবচেয়ে বড় ভূমিকা মুশফিকের। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেখিয়েছেন, কীভাবে প্রতিকূল স্রোতের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়, সংগ্রাম করে মাথা তুলে দাঁড়ানোও যায়। বল লেগে ফেটে যাওয়া আঙুলের ব্যথা অগ্রাহ্য করে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। মুশফিকের প্রাপ্তির খাতায় তাই যোগ হলো প্রতিপক্ষ অধিনায়ক দিনেশ রামদিনের প্রশংসাও, ‘মুশফিক খুবই ভালো ব্যাট করেছে। বলতে গেলে একাই লড়ে গেল। মাহমুদউল্লাহর সঙ্গে তাঁর জুটিটাই বাংলাদেশকে এতটা সময় ম্যাচে রেখেছে।’ রামদিন অবশ্য এটাও মনে করিয়ে দিলেন, ‘আমরা বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছি। সেগুলো কাজে লাগাতে পারলে জয়টা আরও সহজ হতে পারত।’

রামদিনের ঠিক উল্টো ভাবনা মুশফিকের। চতুর্থ দিনে মাহমুদউল্লাহ আউট হয়ে যাওয়ার পরও নাকি তাঁর বিশ্বাস ছিল টেস্টটা ড্র করা সম্ভব। সেটা যদি না-ও হয়, অন্তত শেষ দিন চা-বিরতি পর্যন্ত নিয়ে যাওয়া তো সম্ভবই। তবে প্রথম ঘণ্টা উইকেট হারানো যাবে না, এই ছিল শর্ত। কিন্তু সব ওলট-পালট করে দিল নাসির হোসেনের আউট। এরপর তো খুব দ্রুতই বাকি চারটি উইকেটও পড়ে গেল! মুশফিক অবশ্য তার পরও কাঠগড়ায় দাঁড় করাননি নাসিরকে, ‘নাসিরের প্রথম ইনিংসের আউটটা হয়তো বাজে ছিল। তবে দ্বিতীয় ইনিংসে ও ভালো খেলছিল। রান পাচ্ছে না বলে হয়তো একটু জড়তা কাজ করছে।’

শুধু নাসির নন, অধিনায়ককে পাশে পাচ্ছেন দলের অন্য ব্যর্থ ব্যাটসম্যানরাও। অনেকে বাজে শট খেলে আউট হয়েছে স্বীকার করলেও মুশফিক ব্যাখ্যা দিলেন, ‘অনেক দিন পর দীর্ঘ পরিসরের ক্রিকেট খেললে যে সমস্যাটা হয়, ব্যাটসম্যানদের হয়তো বা সেটাই হয়েছে। সে জন্য কিছু বাজে আউট হয়েছে। উইকেট অনেক ভালো ছিল। কিন্তু আমাদের নিজেদের প্রয়োগ করায় ভুল ছিল।’

তবে সেন্ট ভিনসেন্ট টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সেন্ট লুসিয়া টেস্ট নিয়ে আশাবাদী করছে বাংলাদেশ অধিনায়ককে, ‘দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাটিং করেছি, এই মনোভাবটা থাকলে আশা করি দ্বিতীয় টেস্টে ভালো হবে। দ্বিতীয় ইনিংসে সবাই ব্যাটিংয়ে যে সাহসটা দেখিয়েছে, সেটা থাকলে পরের টেস্টে দুই ইনিংস মিলিয়ে কমপক্ষে ৬০০ রান আমরা করতে পারব। আর তা করতে পারলে যেকোনো টেস্টই ড্র করা সম্ভব।’ মুশফিক প্রথম টেস্ট থেকে প্রাপ্তি দেখছেন আর একটাই—তাইজুল ইসলামের বোলিং।

সেন্ট লুসিয়ায় মুশফিকদের আত্মবিশ্বাসে জ্বালানি ভরতে পারে ২০০৪ সালের স্মৃতিও। হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক আর খালেদ মাসুদের সেঞ্চুরির সুবাদে বোশেজো স্টেডিয়ামে সেবার টেস্ট ড্র করেছিল বাংলাদেশ দল। প্রথমবারের মতো ইনিংস ঘোষণা করার কীর্তিটাও ওখানেই। এবার ওয়েস্ট ইন্ডিজে এসে একের পর এক হারে বিপর্যস্ত হলেও মুশফিককে আশাবাদী করে সেই সোনালি অতীত, ‘কাল (পরশু) খেলা দেখানোর সময় টিভিতে দেখাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের কার কত রান। বাশার (হাবিবুল) ভাইয়ের নামও ছিল ওখানে। এগুলো আমাদের মানসিকভাবে সাহায্য করে।’

২০০৪-এর সেই টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার এবার দলের সঙ্গে আছেন নির্বাচক ও ম্যানেজার হয়ে। ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট উদ্‌যাপনের উপলক্ষটায় পানি ঢেলে দেওয়ার মন্ত্রটা তো তিনিও জপে দিতে পারেন মুশফিকের কানে।