সেঞ্চুরি করেও হার চিগুম্বুরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বড়ে মিয়াঁ’ পেরেছিলেন। ১৯৮৬ সালে শারজায় চেতন শর্মাকে শেষ বলে ছয় মেরে ভারতের বিপক্ষে পাকিস্তানকে জিতিয়ে দিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। কাল হারারেতে ‘বড়ে মিয়াঁ’ হতে পারতেন চিগুম্বুরা। দারুণ এক সেঞ্চুরি করে দলের জয়ের আশা জিইয়ে রেখেছিলেন। তাঁর দিকে তাকিয়েও ছিল জিম্বাবুয়ে। কিন্তু পারলেন না চিগুম্বুরা। শেষ ওভারে ১০ রানের সমীকরণটা দাঁড়াল শেষ বলে ৬ রান। ভুবনেশ্বর কুমারের ইয়র্কার থেকে চিগুম্বুরা নিতে পারলেন ১ রান। ৪ রানে জিতল ভারত।
ম্যাচ শেষে চিগুম্বুরার পিঠ চাপড়ে দিলেন ভারতীয় ফিল্ডাররা। কিন্তু সেঞ্চুরি করেও হারের অতৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে হলো জিম্বাবুয়েকে। ম্যাচসেরার পুরস্কারটিও মেলেনি তাঁর। এটি পেয়েছেন অম্বাতি রায়ডু। প্রথমে ব্যাট করতে এসে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে দিগ্ভ্রষ্ট ভারতকে পথ দেখিয়েছেন রায়ডুই। ১৩৩ বলে ১২ চার ও ১ ছক্কায় করেছেন ১২৪ রান। বিপর্যয়ে ভারতকে টেনে তোলার নায়ক যদি হন রায়ডু, সহনায়ক স্টুয়ার্ট বিনি (৭৭)। ষষ্ঠ উইকেটে রায়ডুর সঙ্গে তাঁর ১৬০ রানের জুটিতেই ঘুরে দাঁড়িয়ে ২৫৫ রান করে ভারত। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৫৫/৬ (রায়ডু ১২৪, বিনি ৭৭, রাহানে ৩৪; চিবাবা ২/২৫, তিরিপানো ২/৪৮)। জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৫১/৭ (চিগুম্বুরা ১০৪*, রাজা ৩৭, মাসাকাদজা ৩৪; অক্ষর ২/৪১, বিনি ২/৫৪)। ফল: ভারত ৪ রানে জয়ী।