সেঞ্চুরি করেও 'সেঞ্চুরির' আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ও মুমিনুলের দুর্দান্ত সেই জুটি। ইনিংসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ার আগে তাঁদের ১৭০ রানের এই জুটিটাই বড় স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে। কাল মিরপুরে l শামসুল হক
তামিম ও মুমিনুলের দুর্দান্ত সেই জুটি। ইনিংসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ার আগে তাঁদের ১৭০ রানের এই জুটিটাই বড় স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে। কাল মিরপুরে l শামসুল হক

সেঞ্চুরি যে পাওনা হয়ে গেছে, দুই দিন আগেও সেটি মনে করিয়ে দেওয়া হয়েছে তামিম ইকবালকে। ‘কেন কদিন আগে যে সেঞ্চুরি করলাম, সেটা বললেন না যে’—বাঁহাতি ওপেনারের পাল্টা বক্তব্য। কিন্তু সেটা আফগানিস্তানের সঙ্গে ওয়ানডেতে। টেস্টে দেশের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে কালকের আগ পর্যন্ত তামিমের করা হয়নি সেঞ্চুরি, বারবার আটকে গেছেন হাফ সেঞ্চুরিতেই। ৮৬, ৮৫, ৫২, ৭৮—দেশের মাটিতে আগের ৬ ইনিংসের তাঁর ৪ ফিফটি।
অবশেষে গেরোটা খুলেছে, সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। টেস্টে ইংল্যান্ড কেন তাঁর ‘প্রিয়’ প্রতিপক্ষ, আরেকবার সেটি তিনি বুঝিয়ে দিলেন। ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েও তামিমের আফসোস হয়ে থাকল ১০০ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০০-৩৫০ রান করতে পারলে সেটি হতে পারত অনেক বড় স্কোর। তামিম-মুমিনুল হক দ্বিতীয় উইকেট জুটিতে যেভাবে এগোচ্ছিলেন ওই লক্ষ্যটা অনায়াসসাধ্যই মনে হচ্ছিল একটা সময়। কিন্তু ১৭০ রানে তাঁদের জুটিটা ভাঙতেই দমকা হওয়ায় তাসের ঘরের মতো সব এলোমেলো! ৪৯ রানেই দুমদাম পড়ে গেল শেষ ৯ উইকেট। নিমেষেই মিলিয়ে গেল বাংলাদেশের প্রত্যয়দীপ্ত ব্যাটিংয়ের প্রদর্শনী। প্রথম ইনিংসের রানটাও হলো না হৃষ্টপুষ্ট।
কেন এই বিপর্যয়? কোন জুজুর ভয়ে তামিম-মুমিনুল ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান পারলেন না নামের প্রতি সুবিচার করতে? তামিমের ব্যাখ্যায় থাকল শুধু আক্ষেপ, ‘আমরা যখন প্রথম ১০ ওভার ব্যাটিং করি উইকেট একটু কঠিন ছিল। বল মুভ করছিল। পরের ২৫ ওভারে আমরা প্রচুর বাউন্ডারি মারার বল পেয়েছি। বলগুলোকে ভালোভাবে ব্যবহারও করেছি। আমাদের জুটিটা যখন ভাঙল, তখন বল রিভার্স করা শুরু করল, টার্নও করছিল। তবে যতই উইকেটের কথা বলি, আমরা যেভাবে ৭-৮ উইকেট হারিয়েছি এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এটা ব্যাটিং ইউনিটের ব্যর্থতা। আমরা যদি ১০০ রান বেশি করতাম তাহলে দিন শেষে খুব ভালো অবস্থানে থাকতাম।’
তবে বিকেলে ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নেওয়াটা কিছুটা স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে। তামিম মনে করেন প্রথম দিন শেষে লড়াইটা আছে সমতায়, ‘এই উইকেটে আরও ১০০ রান আশা করছিলাম। তবে ভালো দিক হচ্ছে, আমরা ওদের তিনটি উইকেট নিতে পেরেছি। এই মুহূর্তে লড়াই সমান আছে। কাল (আজ) সকালে যদি দ্রুত ২ উইকেট তুলে নিতে পারি, ম্যাচ আমাদের হাতে আসতেও পারে। তবে তারা যদি বড় জুটি গড়ে, এগিয়ে যাবে। উইকেটে বল বেশ ঘুরছে। স্পিনাররা ভালো বোলিং করছে।’
টেস্টে তামিমের ৮ সেঞ্চুরির তিনটিই ইংল্যান্ডের বিপক্ষে। চট্টগ্রামে উইকেটের চরিত্র বুঝে মন্থর গতিতে এগোলেও কাল সহজাত আক্রমণাত্মক চেহারাতেই দেখা গেছে তাঁকে। যদিও প্রথম রানটি পেতে তাঁর লেগেছে ২০ বল। এই সেঞ্চুরিটি বিশেষ জায়গাই পাচ্ছে তামিমের হৃদয়ে, ‘আমি সব সময় আক্রমণাত্মক খেলতে পছন্দ করি। আমি এটাকেও (সেঞ্চুরি) ওপরে রাখব। যেভাবে ব্যাটিং করতে পছন্দ করি, আজ সেভাবে ব্যাটিং করেছি। প্রথম রানটা করতে অবশ্য ১৮ (২০) বল লেগেছে। পরিস্থিতি সুন্দরভাবে সামলে সেঞ্চুরিটা হয়েছে। সব সময় বলি, প্রতিটি সেঞ্চুরিই আমার জন্য স্পেশাল। এমন রান তো সব সময় হয় না।’
প্রথম ইনিংসে দলের স্কোর ভালো হলে তামিমের সেঞ্চুরিটাই হতো দিনের সবচেয়ে আলোচ্য বিষয়। কিন্তু তা হচ্ছে কোথায়! দিন শেষে তাঁকে আফসোসে পুড়তে হচ্ছে ওই ১০০ রানের জন্য, যেটি হলে দল থাকত সুবিধাজনক জায়গায়।