
ব্রেন্ডন ম্যাককালাম কাল যখন মাঠে নামলেন, ওয়েলিংটনের বেসিন রিজার্ভ পার্কে তুমুল হর্ষধ্বনি। ম্যাককালামের শেষ টেস্ট সিরিজই শুধু নয়, নিউজিল্যান্ড অধিনায়কের এটাই শততম টেস্ট। তা-ও টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকের পর থেকে টানা ১০০ ম্যাচ খেলার কীর্তি! কিন্তু এই উল্লাসের রেশ মিলিয়ে যেতে না-যেতেই রিজার্ভ পার্কে শ্মশানের নীরবতা নামল। কোনো রান না করেই যে ফিরে গেলেন ম্যাককালাম!
অধিনায়কের ইতিহাস গড়া ম্যাচের প্রথম দিনটি নিউজিল্যান্ডের ভালো গেল না। প্রথম ইনিংসে ১৮৩ রানে অলআউট হয়েছে কিউইরা। জবাবে ৩ উইকেটে ১৪৭ রান করেছে অস্ট্রেলিয়া। উসমান খাজা ৫৭ রানে অপরাজিত। অধিনায়ক স্টিভ স্মিথ ৭১ রান করে আউট হয়েছেন।
তবে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনটা বিতর্ক দিয়েই শেষ হয়েছে। ডগ ব্রেসওয়েলের করা দিনের শেষ ওভারে বোল্ডই হয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস। কিন্তু আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ বলটিকে ‘নো’ ডাকেন। পরে রিপ্লেতে দেখা গেছে, বৈধ বলই ছিল ওটা। ভোজেস নতুন জীবন পেয়ে অপরাজিত থেকে গেছেন ৭ রানে।
ওয়েলিংটনের সবুজ উইকেট শুরু থেকেই পেসারদের দিকে বাড়িয়ে ধরে সাহায্যের হাত। টস জিতে ফিল্ডিং নিতে দুবার ভাবেননি অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ, বোলাররাও তাঁর আস্থার প্রতিদান দিতে থাকেন শুরু থেকেই। ম্যাককালাম যখন ক্রিজে আসেন, ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল (১৮), টম ল্যাথাম (৬) ও কেন উইলিয়ামসন (১৬)—তিনজনই আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। কোথায় বিপদ থেকে দলকে টেনে তুলবেন, তা নয় ম্যাককালামও আগের তিনজনের পথে হাঁটেন খুব দ্রুতই। প্রথম ছয় বলে কোনো রান পাননি কিউই অধিনায়ক, মুখোমুখি সপ্তম বলেই সর্বনাশ। সকালে প্রায় নিখুঁত লাইন-লেন্থে বোলিং করে যাওয়া জশ হ্যাজলউডের বলটা তাঁর ব্যাট ছুঁয়ে যায় স্লিপে। তৃতীয় স্লিপে ক্যাচটা নিতে ভুল করেননি ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়াও নিউজিল্যান্ডের মতো বিপর্যয়ে পড়বে বলেই মনে হচ্ছিল। ৫ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার জো বার্নস ও ওয়ার্নার। এরপর হাল ধরেন খাজা ও স্মিথ। তৃতীয় উইকেটে দুজনের ১২৬ রানের জুটিতেই ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের পুনর্জন্ম হওয়ার পর ব্যাটিংয়ের সুযোগ পাওয়া তিন টেস্টেই সেঞ্চুরি করেছেন খাজা। এবারও কি ছুটছেন সেই পথে? এএফপি, ক্রিকইনফো।