সেঞ্চুরি ডু প্লেসির, জয় দ. আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি দুর্দান্ত ইনিংস খেলার পথে ডু প্লেসি। ছবি: এএফপি।
আরেকটি দুর্দান্ত ইনিংস খেলার পথে ডু প্লেসি। ছবি: এএফপি।

ওয়ানডেতে সেঞ্চুরির স্বাদ কেমন—এ সিরিজের আগে ফ্যাফ ডু প্লেসির কাছে এমন প্রশ্ন করলে হয়তো ‘লজ্জা’ই পেতেন! কিন্তু এখন জিজ্ঞেস করলে? মুচকি হেসে প্রোটিয়া ব্যাটসম্যান হয়তো বলবেন—‘হুম, দা-রু-ণ’! ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচে হাঁকালেন তিন সেঞ্চুরি! এর মধ্যে দুটি অস্ট্রেলিয়া আর একটি জিম্বাবুয়ের বিপক্ষে। আজ হারারেতে ডু প্লেসির আরেকটি দুর্দান্ত ইনিংসে জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ের ইনিংস শুরু থেকেই টালমাটাল। ব্রেন্ডন টেইলর বাদে আর কোনো জিম্বাবুইয়ান ব্যাটসম্যান সুবিধা করতে পারলেন না প্রোটিয়া বোলারদের সামনে। জেপি ডুমিনির শিকার হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ করলেন টেইলর। কচ্ছপ গতিতে এগোনো জিম্বাবুয়ের ইনিংসটা অবশেষে থামল ২০৮ রানে। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেটে নিলেন ডুমিনি।
এর আগে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। শুরুতে বেশ বিপদেই পড়ে এবি ডি ভিলিয়ার্সের দল। ২৬ রানেই ফিরে যান দুই ওপেনার। এরপর ১২০ রানে ৪ উইকেট পতনের পর দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং স্কোর দেয় ডুমিনি-প্লেসির পঞ্চম উইকেট জুটিতে তোলা ১০৩ রান। নিয়ুম্বুর বলে ফেরার আগে প্লেসির সংগ্রহ ১২১। অন্যদিকে ডুমিনির সংগ্রহ ৫১। নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৭১।
ম্যাচসেরা হয়েছেন ফর্মের তুঙ্গে থাকা প্লেসি। এ জয়ে ৬ সেপ্টেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। টেন ক্রিকেট।