'সেঞ্চুরি'তে থামলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রথম শ্রেণির ক্রিকেটার

বসন্ত রাইজি নামটা ক্রিকেটপোকাদের কাছে অপরিচিত না। মুম্বাই ও বরোদার এ সাবেক ব্যাটসম্যান অন্তত ক্রিকেট ঐতিহাসিক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। কিন্তু তাঁর সবচেয়ে বড় অর্জনটা ছিল খেলা থেকেই।
রাইজির ক্যারিয়ারে তাকালে সেটি বোঝা যাবে না। মাত্র ৯ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ার। ১৪ ইনিংসে ২৩.০৮ গড়ে ২৭৭ রান। ১৯৩৮-৩৯ মৌসুম থেকে ১৯৪৯-৫০ মৌসুম পর্যন্ত টিকেছে তাঁর প্রথম শ্রেণির ক্যারিয়ার। এই স্বল্প খেলা আর বয়স দিয়ে অনন্য এক অর্জন গড়েছিলেন বসন্ত রাইজি। সবচেয়ে বেশি বয়স্ক প্রথম শ্রেণির ক্রিকেটার। এই রেকর্ড ধরে রেখেই আজ মুম্বাইয়ে নিজ বাসভবনে মারা গেছেন তিনি।
গত ২৬ জানুয়ারি বয়সের সেঞ্চুরি (১০০ বছর) করে ফেলেন বসন্ত। তখন তাঁকে দেখতে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার, স্টিভ ওয়াহ ও সুনীল গাভাস্কার। বসন্তের জামাতা জানান, মুম্বাইয়ে নিজের বাসায় ঘুমের মধ্যে মারা যান তিনি।

খেলা ছাড়ার পর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পেশায় জড়ান বসন্ত। কিন্তু ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিল। রণজিৎ সিং, দুলীপ সিং, সি কে নাইড়ু ও ভিক্টর ট্রাম্পারসহ অনেক ক্রিকেটারকে নিয়ে বই লিখেছেন।
ক্রিকেট পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন টুইট করে জানান, বসন্ত রাইজি চলে যাওয়ায় এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক প্রথম শ্রেণির জীবিত ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের অ্যালান বার্হেস। ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা বার্হেসের জন্ম ১৯২০ সালের ১ মে। একই বছর ২৬ জানুয়ারি বরোদায় জন্ম নেন বসন্ত রাইজি।