
ডেঙ্গুর কারণে খেলা হয়নি দুবাই টেস্ট। কিন্তু কালকের ইউনিস খানকে দেখে সেটা বোঝার কোনো উপায় আছে? ১২৭ রানের দুর্দান্ত এক ইনিংসে আবুধাবি টেস্টের প্রথম দিনে চালকের আসনে বসিয়ে দিল পাকিস্তানকে। ৪ উইকেটে ৩০৪ রানে দিন শেষ করেছে স্বাগতিক দল।
মাত্রই আগের ইনিংসে ২১৮ রান করেছিলেন ইউনিস। তবু জ্বর থেকে ফিরে কতটা কী করেন, সেটা নিয়ে কৌতূহল ছিলই। ক্যারিবীয় বোলারদের নাকানিচুবানি খাইয়ে ৩৩তম সেঞ্চুরি তুলে নিয়েই মেটালেন সেই কৌতূহল। তাতে গড়লেন রেকর্ড, ৩৫ বা এর বেশি বয়সে সবচেয়ে সেঞ্চুরির (১৩টি) মালিক এখন ইউনিস। দিনের শেষ বলে ক্রেগ ব্রাফেটের বলে আউট না হলে পরিপূর্ণ একটা দিনই যেত তাঁর। তবে এ ইনিংসে সৌভাগ্যের ছোঁয়াও পেয়েছেন ইউনিস, ৮৩ রানে ব্রাফেট নিজের বলে ক্যাচ ফেলে দেওয়ায় ‘জীবন পান’ টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক।
দিনের শুরুটা ভালোই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। আগের টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা আজহার আলী আউট শূন্য রানে। একটু পরে অন্য ওপেনার সামি আসলামও ফিরলেন। এরপরই তৃতীয় উইকেটে ইউনিস-আসাদ শফিকের ৮৭ রানের জুটি। দলীয় ১২৯ রানে শফিক ফেরার পর মিসবাহ-উল-হককে নিয়ে তাঁর ১৭৫ রানের জুটিতে আবারও কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ। সূত্র: টেন থ্রি।