সেঞ্চুরি না পাওয়ার ভুলের দায় নিচ্ছেন ব্রাফেট

রান আউট হওয়ার হতাশায় মাঠেই এভাবে বসে পড়েন ক্রেগ ব্রাফেটছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংস্টনে দ্বিতীয় দিনের খেলা শেষে বিপদে ছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২ রান তুলতেই পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকেরা।

কাল বাংলাদেশ সময় রাতে তৃতীয় দিনের খেলা শেষে লিড নিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের প্রথম ইনিংস (২১৭) থেকে ৩৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ক্রেগ ব্রাফেটের দল।

৮ উইকেটে ২৫১ রান তোলা ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিজে রয়েছেন জশুয়া দা সিলভা ও জোমেল ওয়ারিক্যান।

দ্বিতীয় ও তৃতীয় উইকেটে যথাক্রমে ৫০ ও ৪৯ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রাথমিক বিপদ থেকে রক্ষা করেন ব্রাফেট। রোস্টন চেজ (২১) ও জার্মেইন ব্লাকউডের (২২) সঙ্গে এ দুটি জুটি গড়েন তিনি।

এরপর ষষ্ঠ উইকেটে জেসন হোল্ডারের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে এখন পর্যন্ত সবচেয়ে বড় জুটিটি গড়েন ব্রাফেট। ১৯০ রানের ৯৬ রানের এই জুটিতে হোল্ডারের অবদান ১০৮ বলে ৫৮।

তবে দিন শেষে ব্রাফেটকে হতাশ হতে হয়েছে। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ১২ চারে ২২১ বলে ইনিংসটি খেলেন তিনি।

ব্রাফেট তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করেছেন। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে আগলে রেখেছিলেন এক প্রান্ত। কিন্তু ব্যক্তিগত ৯৭ রানে হাসান আলীর সরাসরি থ্রোতে রানআউট হন ব্রাফেট।

মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি ব্রাফেট
ছবি: এএফপি

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ব্যাটিংয়ে ওপেন করে (রান তোলায়) নব্বইয়ের ঘরে গিয়ে রানআউট হলেন তিনি। দিনের খেলা শেষে ব্রাফেট বলেন, ‘উইকেটে টিকে থেকে তিন অঙ্কের দেখা পেলে ভালোই লাগত। কিন্তু এটা আমারই ভুল, তাই দায়ও আমার।’

পাকিস্তানের হয়ে ৪২ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ আব্বাস। ৫৯ রানে ২ উইকেট শাহিন শাহ আফ্রিদির।