সেঞ্চুরি না হয়েও সেঞ্চুরি হলো তামিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম আজ। ছবি: শামসুল হক
তামিম আজ। ছবি: শামসুল হক

না, তামিম ইকবাল ইঙ্গিত দিয়েও আজ সেঞ্চুরি পাননি। কামরুল ইসলাম রাব্বীর নিচু হয়ে আসা স্লোয়ারে বোল্ড হয়েছেন ৫১ বলে ৭৫ রান করে। তবে একটি সেঞ্চুরি ঠিক হয়ে গেছে বাঁহাতি ওপেনারের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিমই প্রথম ছক্কার ‘সেঞ্চুরি’ করলেন।

১২২ টি-টোয়েন্টিতে তামিমের ছক্কার সংখ্যা ঠিক ১০০। এর মধ্যে বিপিএলে মেরেছেন ২৩টি, ২৭টি জাতীয় দলের হয়ে আর বাকি ৫০টি অন্যান্য টি-টোয়েন্টিতে। ছক্কার সংখ্যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিমের ধারে-কাছেও কেউ নেই।
আজ বরিশাল বুলসের বিপক্ষে যদিও চিটাগং ভাইকিংস অধিনায়কের শুরুটা হয়েছে ধীরগতিতে। তাইজুল ইসলামের প্রথম ওভারে তো রানই নিতে পারেননি। প্রথম রান পেতে অপেক্ষা করতে হয়েছে নবম বল পর্যন্ত। তাইজুলকে ইসলামকে বাউন্ডারি মেরে শুরু। এরপর ‘বাদ যাবে না কোনো বলই’—তামিম যেন এমন প্রতিজ্ঞা করেছিলেন! প্রথমটির পর প্রতি চার বলে একটি বাউন্ডারি পেয়েছেন বাঁহাতি ওপেনার।
ডাউন দ্য উইকেটে এসে বোলারকে বাউন্ডারি মারা—তামিমের ট্রেড মার্ক শটটা খানিক পরপরই দেখা গেছে। ৭৫ রানের ৫২ এসেছে বাউন্ডারি থেকে। প্রায় ৭০ শতাংশ রান নিয়েছেন জায়গায় দাঁড়িয়ে! বরিশালের বোলারদের মধ্যে চিটাগং অধিনায়কের ঝাঁঝ টের পেয়েছেন রায়াদ এমরিত। তাঁর ৯ বলে তামিম নিয়েছেন ২৬ রান।
জহুরুল ইসলামের সঙ্গে উদ্বোধনী জুটিতে দারুণ শুরুও এনে দিয়েছেন তামিম। চিটাগংয়ের ওপেনিং জুটিতে এসেছে ৭৯ বলে ১১৬ রান, যা এই বিপিএলে সর্বোচ্চ। দলও পেয়েছে ১৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোর। তামিম-ঝড়ের মধ্যে বরিশালের বোলারদের মধ্যে সফল কামরুল ও তাইজুল। তামিমের উইকেটটি নিয়ে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দিয়েছেন কামরুল । তাইজুল উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন, ৩ ওভারে দিয়েছেন ১৬ রান।