সেঞ্চুরি পেলেন তামিম

ব্যাট তাঁর হেসে কথা বলেছিল শনিবার বিকেলেই। জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের বিপক্ষে চট্টগ্রামের হয়ে ৯০ রানে অপরাজিত ছিলেন জাতীয় দলের এই তারকা। বৃষ্টির কারণে সেঞ্চুরির অপেক্ষাটা দীর্ঘই হয়েছিল তাঁর। কিন্তু আজ রোববার চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বেশ দ্রুতই তিনি তুলে নিয়েছেন আরাধ্য এক শতক। ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে নিজের নামের প্রতি করেছেন প্রত্যাশিত এক সুবিচার।
তামিমের পাশাপাশি চট্টগ্রাম বিভাগের হয়ে দারুণ ব্যাট করেছেন তাসামুল হক। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ১০৭ রানের সুন্দর এক ইনিংস। তামিম-তাসামুল—এই দুজনের ব্যাটে চট্টগ্রাম বরিশালের বিপক্ষে গড়ে তুলেছে ৫ উইকেটে ৩৯০ রানের বড় এক সংগ্রহ।
তামিমের শতকটি কিন্তু দারুণ স্থিতধী। নিজের মারকাটারি ব্যাটিংকে একপাশে সরিয়ে রেখে তামিম তাঁর ইনিংসটি সাজিয়েছেন ২২৯ বলে। ৩০২ মিনিট উইকেটে টিকে থেকে ১৭টি চার আর তিনটি ছয়ের মারে ১৩৭ রানের ইনিংসটি কিন্তু বেশ অনেক দিনই মনে রাখবেন জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা। তাসামুলের ইনিংসটিও দারুণ সময়োচিত, আরও বিস্তৃত। তিনি ২৯২ বল টিকে থেকে নয়টি চার আর দুটি ছয়ে গড়েন তাঁর এই অর্জন।
জাতীয় লিগের শুরুতে সিলেটের বিপক্ষে একটি বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে তামিমের ব্যাট থেকে এসেছিল ১৩ রান। পরের ম্যাচে রাজশাহীর বিপক্ষে দুই ইনিংসে মোট চার রান তাঁর ক্ষুধা বাড়িয়ে দিয়ে থাকবে। তিনি হয়তো অপেক্ষায় ছিলেন ঘরের মাঠে বাজিমাতের। ঘরের দর্শকের সামনে তাঁর এই ইনিংস আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য যে পাথেয় হয়েই থাকবে—এ কথা বলে দেওয়াই যায়।
চট্টগ্রামের হয়ে তামিম আর তাসামুল ছাড়া ব্যাট হেসেছে নাফিস ইকবালের ব্যাটও। যদিও তিনি তাঁর সংগ্রহকে ৫৬ রানের বেশি নিতে পারেননি। তবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মুমিনুল হক। মাত্র ১৬ রানেই ফিরেছেন বাংলাদেশের টেস্ট দলের অন্যতম এই নির্ভরতা।