সেঞ্চুরিটা 'ডাবল'-এ নিয়ে গেলেন নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল অপরাজিত ছিলেন ১০৫ রানে, নাসির সেটি আজ নিয়ে গেছেন ২০১-এ
কাল অপরাজিত ছিলেন ১০৫ রানে, নাসির সেটি আজ নিয়ে গেছেন ২০১-এ

ছয় বছর পর জাতীয় লিগে নাসির হোসেন সেঞ্চুরি পেয়েছেন কাল। সেটিকে ডাবলে রূপ দিলেন আজ। প্রথম শ্রেণির ক্রিকেট তো অবশ্যই, নাসিরের ক্যারিয়ারে এটাই তাঁর সর্বোচ্চ। প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে নাসিরের দুর্দান্ত ইনিংসে ১২৬ রানের লিড পেয়েছে রংপুর।

আগের দিন সেঞ্চুরি পেতে নাসির খেলেছিলেন ১৩২ বল। সেটিকে দুইশতে নিয়ে যেতে বল খেলেছেন আরও ২০৮টি। গতকালের তুলনায় আজ খানিকটা ধীরেই এগিয়েছেন তিনি। নাসিরের অসাধারণ ইনিংসের সৌজন্যে ৪ উইকেটে ২২৩ রান যোগ করে চা বিরতির খানিক পরেই নয় উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করেছে রংপুর। আবু জায়েদের বলে আউট হওয়ার আগে নাসিরের রান ২০১। ঝলমলে ইনিংসটি সাজিয়েছেন ২৪ চার ও ৩ ছয়ে। ১১৪ রানই তাঁর এসেছে বাউন্ডারি থেকে।
দিনের শুরুতেই আরিফুল হককে হারালেও সপ্তম উইকেটে সোহরাওয়ার্দী শুভর সঙ্গে নাসিরের ১৪৬ রানের জুটি রানের বোঝা চাপিয়ে দেয় সিলেটের ওপর। রংপুরকে যা একটু ভুগিয়েছেন সিলেটের দুই পেসার—আবু জায়েদ ও খালেদ আহমেদ। জায়েদ নিয়েছেন ১১২ রানে ৫ উইকেটে আর খালেদ ৮৯ রানে ৪ উইকেট।
প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে সিলেট তুলেছে ২ রান।