তাঁর ৫০তম টেস্টটা ভারতীয় ক্রিকেট বোর্ড রেখেছে বিশাখাপত্তনমে। এ জন্য বোর্ডকে একটা ধন্যবাদ দিতেই পারেন বিরাট কোহলি। কোহলির মাইলফলক টেস্টটি আবার ভেন্যুটিরও মাইলফলক—প্রথম টেস্ট। এর আগে এই মাঠে যে চারটি ওয়ানডে খেলেছেন কোহলি, তাতে সবচেয়ে ছোট ইনিংসটিও ‘মাত্র’ ৬৫ রানের। ভারত অধিনায়কের জন্য মাইলফলক টেস্টটিকে রাঙিয়ে দেওয়ার ইঙ্গিত তো দিয়েই রেখেছিল বিশাখাপত্তনম।
তা কোহলি কী দারুণভাবেই না রাঙালেন নিজের টেস্ট ম্যাচের ‘ফিফটি’। করলেন ১৪তম সেঞ্চুরি। প্রথম দিন শেষে সেটি বড়সড় চেহারা নেওয়ার আশায় দাঁড়িয়ে আছে ১৫১ রানে। কোহলির পাশাপাশি চেতেশ্বর পূজারার সেঞ্চুরিতে প্রথম দিনটি ভারত কাল শেষ করেছে ৪ উইকেটে ৩১৭ রান নিয়ে।
ব্যাটিংয়ে যদি বিনোদন জুগিয়ে থাকেন কোহলি-পূজারা, বল হাতে জেমস অ্যান্ডারসন। চোট কাটিয়ে আগস্টের পর কালই মাঠে ফেরা অ্যান্ডারসন দেখালেন পুরোনো সুইং-ঝলক। ভারতের ৪ উইকেটের তিনটিই তাঁর।
এই তিনজনের বাইরে বিনোদন দিয়ে গেছে একটি কুকুর! সম্ভবত একটি কুকুরের কারণে আগেভাগে টেস্টের কোনো সেশন শেষ হওয়ার ঘটনা কালই প্রথম ঘটল। চা-বিরতির চার বল আগে দ্বিতীয়বার মাঠে ঢুকে পড়ে চারপেয়ে প্রাণীটি, মাঠের কর্মীদের সঙ্গে যথারীতি ‘দৌড় প্রতিযোগিতা’ও হয়েছে সেটির। প্রথমবার কুকুরটি হয়তো কোহলি-পূজারাকে সেঞ্চুরির আগে একটু স্নায়ুচাপে রাখতে চেয়েছিল! দুজনই তখন ছিলেন ‘নার্ভাস নাইনটি’তে।
বিরতি থেকে ফিরে দুজনই পেয়েছেন সেঞ্চুরি। ভাগ্যপ্রসূত সেঞ্চুরিই বলতে হবে। সকালের সেশনের মাঝামাঝি আদিল রশিদের এক ওভারেই দুবার রানআউট হতে হতে বেঁচে গেছেন পূজারা। কোহলিও ব্যক্তিগত ৫৬ রানে ফিল্ডারের সৌজন্যে ফিরে পেয়েছেন ‘জীবন’। তবে দিন শেষে তা নিয়ে ভাবতে বয়েই গেছে ভারতের। মাত্র ২২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারানোর পর এই দুজনের ২২৬ রানের জুটিই তো ভারতকে প্রথম দিনে নিয়ে গেছে ভালো জায়গায়। তার ওপর কোহলি রয়েছেন অপরাজিত।
শেষ বাক্যটিই প্রথম টেস্টের দাপুটে ইংল্যান্ডের জন্য সবচেয়ে ভয়ের ব্যাপার। ক্রিকইনফো।