সেঞ্চুরিতে পাঁচ শ ছাড়িয়ে লিটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭৭ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস। ওপেনার লিটন দাসই (বাঁয়ে) নেতৃত্ব দিলেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর টানা ষষ্ঠ জয়ে। খেলা শেষে সতীর্থরা তাঁকে নিয়ে উল্লাস তো করবেনই l প্রথম আলো
৭৭ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস। ওপেনার লিটন দাসই (বাঁয়ে) নেতৃত্ব দিলেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর টানা ষষ্ঠ জয়ে। খেলা শেষে সতীর্থরা তাঁকে নিয়ে উল্লাস তো করবেনই l প্রথম আলো

গত সেপ্টেম্বরে কক্সবাজারে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বেসরকারি টেস্টে দুরূহ উইকেটে তাঁর ব্যাটিং মুগ্ধ করেছিল নির্বাচকদের। এরপর এবারের ঢাকা লিগে ব্যাট হাতে নামলেই রান। সেই রানের স্রোত দেখে এ বছরই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ব্যাটসম্যানকে মূল বিশ্বকাপের প্রাথমিক দলে রেখেছেন নির্বাচকেরা। তাতে যেন আরও অনুপ্রাণিত। একটি আক্ষেপ ছিল, কাল সেটিও পূরণ করে ফেললেন। লিগের দ্বিতীয় ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আউট হয়েছিলেন ৯৮ রানে। কাল স্বাদ পেলেন লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম সেঞ্চুরির। দারুণ সেই ইনিংসের পথে লিগে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন পাঁচ শ রান। ১০ ম্যাচে ৫ ফিফটি ও ১ সেঞ্চুরিতে তরুণ ওপেনারের রান এখন ৫৬৮। বিশ্বকাপ হয়তো খেলা হবে না এখনই। তবে বাংলাদেশের ক্রিকেটে নিজের আগমনীবার্তা জানান দিচ্ছেন লিটন দাস।
তরুণ ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিতে কলাবাগান ক্রিকেট একাডেমিকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে আবাহনী। আগেই সুপার সিক্স নিশ্চিত করা প্রাইম ব্যাংক ১০ ম্যাচে নবম জয়ে আছে শীর্ষেই। আর ব্রাদার্সকে হারিয়ে সুপার সিক্স সম্ভাবনা ভালোই জিইয়ে রেখেছে ভিক্টোরিয়া। কুয়াশায় যথারীতি কালও কোনো ম্যাচেই খেলা হয়নি পুরো ওভার।
ফতুল্লায় লিটনের সেঞ্চুরির ম্যাচে নির্বাচকদের খুশি করেছে নিশ্চয়ই আরেকজনের ব্যাটিংও? ৬ চার ও ৫ ছক্কায় ৬৪ বলে ৮৩ রান করেছেন সাব্বির রহমান। ৩৩ ওভারের ম্যাচে ৯০ রানে ৬ উইকেট হারানো দলকে সাব্বিরই নিয়ে যান ১৮৫ পর্যন্ত। আবদুল মজিদের (৪৫) সঙ্গে ১৪৭ রানের উদ্বোধনী জুটিতেই ম্যাচের ভাগ্য গড়ে দেন লিটন। ৭০ বলে ছুঁয়েছেন সেঞ্চুরি, আউট হয়েছেন ১০ চার ও ৫ ছক্কায় ৮৯ বলে ১০৮ রান করে।
ব্রেন্ডন টেলর ছিলেন বলে আগের দুটি ম্যাচে সাদমান ইসলামকে খেলায়নি প্রাইম ব্যাংক। বিবর্ণ টেলরকে দেশে পাঠিয়ে কাল আবার নামানো হলো সাদমানকে। মিরপুরে তরুণ বাঁহাতি ৫১ বলে করেছেন ৫৪। ওপেনিংয়ে সৌম্য সরকার ৩৪ বলে ৩৯। দুটি করে চার-ছয়ে ১৪ বলে ২৬ তাইবুর পারভেজ। ২৫ ওভারের ম্যাচে ১৯৩ রান তুলেই আসলে অনেকটা নিশ্চিত হয়ে যায় প্রাইম ব্যাংকের জয়। এর মধ্যেও দারুণ বোলিং করে অধিনায়ক আবদুর রাজ্জাক ও আরেক বাঁহাতি নাসুম আহমেদ নিয়েছেন ৩ উইকেট। অনুমিতভাবেই জয়ের সম্ভাবনাও জাগাতে পারেনি কলাবাগান ক্রীড়াচক্র।
লিগে তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম ফিফটি পেয়েছেন ইমরুল কায়েস (৭২)। বিকেএসপিতে ৩৪ ওভারের ম্যাচে ভিক্টোরিয়া করে ২০৩ রান। জবাবে উদ্বোধনী জুটিতেই ব্রাদার্সকে ৮৮ রান এনে দিয়েছেন ইয়াসির আলী (৬৫) ও অভিষেক মিত্র (৫২)। কিন্তু অলআউট হয়ে যায় তারা আর ৮১ রানের মধ্যেই!
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-কলাবাগান সিএ, ফতুল্লা
কলবাগান সিএ: ৩২.৫ ওভারে ১৮৫ (সাব্বির ৮৩, ইমতিয়াজ ৪৮; সাকলাইন ২/২১, আল আমিন ২/৪৪)। আবাহনী: ৩২ ওভারে ১৮৬/৩ (লিটন ১০৮, মজিদ ৪৫; মাহমুদুল ১/৩১)।
ফল: আবাহনী ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস।
প্রাইম ব্যাংক-কলাবাগান কেসি, মিরপুর
প্রাইম ব্যাংক: ২৫ ওভারে ১৯৩/৬ (সাদমান ৫৪, সৌম্য ৩৫, তাইবুর ২৬, মাহমুদউল্লাহ ২২; নাসুম ৩/২৮, রাজ্জাক ৩/৩৮)। কলাবাগান কেসি: ২৫ ওভারে ১৪৬/৯ (তাসামুল ৩১, শামসুর ২৯, উত্তম ২৩, জুপিটার ২১*; তাইজুল ২/১৯, এনামুল জু. ২/২৩, রেজা ২/৩৬)।
ফল: প্রাইম ব্যাংক ৪৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাদমান ইসলাম।
ভিক্টোরিয়া-ব্রাদার্স, বিকেএসপি
ভিক্টোরিয়া: ৩৪ ওভারে ২০৩/৬ (ইমরুল ৭২, জসিম ৩৪, মাহাবুবুল ৩১, নাদিফ ২৫; লিয়াম ২/২৬, আসিফ ২/২৭, সাদিকুর ২/৫৮)। ব্রাদার্স: ৩৩ ওভারে ১৬৯/৯ (ইয়াসির ৬৫, অভিষেক ৫২, লিয়াম ২৬; হায়দার ২/২১, সোহরাওয়ার্দী ২/৩৫)।
ফল: ভিক্টোরিয়া ২৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইমরুল কায়েস।