সেঞ্চুরিতে ব্রাদার্সকে জেতালেন জুনায়েদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিস্ট ‘এ’তে ষষ্ঠ সেঞ্চুরি জুনায়েদ সিদ্দিকের। ফাইল ছবি
লিস্ট ‘এ’তে ষষ্ঠ সেঞ্চুরি জুনায়েদ সিদ্দিকের। ফাইল ছবি
>
  • বছরটা ভালো শুরু হয়েছে জুনায়েদ সিদ্দিকের
  • বছরের শুরুতে প্রথম শ্রেণির ক্রিকেটে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ছিলেন
  • ব্রাদার্সের হয়ে কলাবাগানের বিপক্ষে আজ করলেন ১২৩
  • ফতুল্লায় ব্রাদার্স কলাবাগানকে হারিয়েছে ১৩১ রানে

একসময় জাতীয় দলে তামিম ইকবালের ওপেনিং-সঙ্গী ছিলেন। দেশের হয়ে খেলেছেন ২০১১ সালের বিশ্বকাপে। একাধিক টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেশের জার্সি গায়ে দিয়েছেন। সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবেই নিজেকে গড়ছিলেন জুনায়েদ সিদ্দিক, কিন্তু সেই সম্ভাবনার ফুল পাপড়ি মেলতে পারেনি। দেশের হয়ে ১৯ টেস্ট, ৫৪ ওয়ানডে আর ৭টি-টোয়েন্টি খেলে প্রায় হারিয়েই যেতে বসেছিলেন। তবে সম্প্রতি নিজের অতীত ফর্মের ঝলক কিছুটা হলেও দেখাতে শুরু করেছেন। আজ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে করেছেন দারুণ এক সেঞ্চুরি।

এ বছরটা মোটামুটি ভালোই যাচ্ছে রাজশাহীর এই ক্রিকেটারের। বছরের শুরুতে প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে দুই ইনিংসেই বড় দুটি শতক হাঁকিয়েছিলেন। ১৩৭ ও ১৫০ রানের দুটি ইনিংস তাঁকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগেও ব্রাদার্সের হয়ে মন্দ করছেন না। ফিফটি না পেলেও দুটি চল্লিশের ঘরে ইনিংস আছে। বাকি ইনিংসগুলোতে অবশ্য ‘শুরু’টা হলেও ‘শেষ’টা আর হয়নি।

আজ ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে জুনায়েদের ১২৩ রানে ইনিংসের ওপর ভর করেই ব্রাদার্স কলাবাগানকে ১৩১ রানে হারিয়েছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর বিপর্যয় সত্ত্বেও জুনায়েদের ষষ্ঠ লিস্ট ‘এ’ সেঞ্চুরি ও মাইশুকুর রহমানের ৯৬ রানের ইনিংসে ৫০ ওভারে ৪ উইকেটে ৩১৭ রানে করে ব্রাদার্স। জবাবে ৪৫ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় কলাবাগান। মুক্তার আলীর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৬২ রান। এ ছাড়া তাসামুল হক করেছেন ৪৪ আর আকবর-ই-রহমান ৩৫। এই তিনজন ছাড়া কলাবাগানের ইনিংসে দুইয়ের ঘরে কোনো সংগ্রহ নেই।

ব্রাদার্সের সোহরাওয়ার্দী শুভ ৩ উইকেট নিয়েছেন। পাশাপাশি শাহদাত হোসেন ও মেহেদী হাসান রানা নিয়েছেন ২টি করে উইকেট।