নড়বড়ে ৯০-এ আউটের সান্ত্বনা নেই। আবার সেই যন্ত্রণা যদি টেস্ট অভিষেকেই পেতে হয়, তাহলে তো কথাই নেই।
তবু জনি বেয়ারস্টো চেষ্টা করলেন জেমি ওভারটনকে সান্ত্বনা দিতে। নিজের অভিজ্ঞতা থেকেই হয়তো সান্ত্বনা দেওয়ার মতো কঠিন কাজটা করতে করার সাহস করলেন বেয়ারস্টো। ওভারটনকে নিয়ে সপ্তম উইকেটে ২৪১ রানের জুটি গড়া বেয়ারস্টোর নড়বড়ে ৯০-এর অভিজ্ঞতাও তো কম নয়। টেস্টে তিনবার ও ওয়ানডেতে দুবার ৯০-এর ঘরে আউট হওয়া বেয়ারস্টো হেডিংলিতে আজ ওভারটন আউট হওয়ার পর কিছুটা পথ এগিয়েও দিলেন।
কিন্তু তাতে ওভারটনের যন্ত্রণা কমার কথা নয়! টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে আটে নেমে করে ফেলেছেন ৯৭ রান। আর ৩ রান হলেই টেস্ট ক্রিকেটে একটা একাদশের ১১ নম্বর সদস্য হয়ে যাবেন ওভারটন, সঙ্গী হবেন বাংলাদেশের আবুল হাসানের। সেই সময়ই ট্রেন্ট বোল্টের বলটা ঘাতক হয়ে এলো। একটু কোনাকুনি বেরিয়ে যাওয়া বলটাকে তাড়া করে স্লিপে ক্যাচ তুলে দিলেন। প্রথম স্লিপে দাঁড়ানো ড্যারিল মিচেল কোনো ভুল করলেন না ক্যাচটি নিতে।
সেঞ্চুরির একটা তালিকায় ১১তম হতেও হতেও শেষ পর্যন্ত ‘নড়বড়ে নব্বই’য়ের আরেকটি তালিকায় তৃতীয় হয়ে গেলেন ওভারটন। টেস্ট অভিষেকে ব্যাটিংক্রমের ৮ থেকে ১১ পর্যন্ত ব্যাটসম্যানদের সেঞ্চুরি ছিল ১০টি। ওভারটনের ‘ব্যর্থতা’য় সংখ্যাটা দশেই আটকে রইল। অন্যদিকে টেস্ট অভিষেকে আট বা এর নিচে নেমে নড়বড়ে নব্বইয়ে আউট হওয়া তৃতীয় ব্যাটসম্যান হয়ে গেলেন ২৮ বছর বয়সে টেস্ট অভিষিক্ত ওভারটন।
ওভারটনের আগে আট বা এর নিচে নেমে টেস্টে অভিষেকে এই যন্ত্রণা সয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশটন অ্যাগার ও শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা।
ওভারটনের আগে আট বা এর নিচে নেমে টেস্টে অভিষেকে এই যন্ত্রণা সয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশটন অ্যাগার ও শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা। ২০১৩ সালে ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৯৮ রানে আউট হন দলটির ১১ নম্বর ব্যাটসম্যান অ্যাগার। ২টি রান করতে পারলেই ইতিহাসের প্রথম ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে টেস্ট সেঞ্চুরি পেয়ে যেতেন অ্যাগার। টেস্টে ১১ নম্বরের সর্বোচ্চ ইনিংস, অ্যাগারের সান্ত্বনা হয়ে আছে শুধু এই রেকর্ডটাই।
অ্যাগারের মাস ছয়েক পরই শ্রীলঙ্কান অলরাউন্ডার দিলরুয়ান টেস্ট অভিষেকে আউট ৯৫ রানে। অফ স্পিনার হিসেবেই বেশি পরিচিত দিলরুয়ান শারজায় পাকিস্তানের বিপক্ষে খেলতে ব্যাটিংয়ে নেমেছিলেন আট নম্বরে। অ্যাগার এরপর আরও তিন টেস্ট খেলে একবারও ৫০ ছুঁতে পারেননি। অন্যদিকে দিলরুয়ান ৪২ টেস্ট খেলে আরও একবার ৯০-এর ঘরে গিয়েছিলেন। ২০১৭ সালে গলে ভারতের বিপক্ষে সাতে নেমে অপরাজিত ছিলেন ৯২ রানে। জেমি ওভারটন নিশ্চিত অ্যাগার-দিলরুয়ান হতে চাইবেন না।
টেস্ট অভিষেকে আট বা এর নিচে নেমে ৯০-এর ঘরে আউট হওয়া মাত্র তৃতীয় ব্যাটসম্যান হলেও ব্যাটিংক্রমের শর্তটা উঠিয়ে দিলে এমন যন্ত্রণার অভিষেকে ওভারটন ৩২তম। এই ৩২-এর তিনজন অস্ট্রেলিয়ার আর্থার চিপারফিল্ড, ওয়েস্ট ইন্ডিজের রবার্ট ক্রিস্টিয়ানি ও পাকিস্তানের আসিম কামাল আউট হয়েছেন ৯৯ রানে। চিপারফিল্ড ও ক্রিস্টিয়ানি পরে সেঞ্চুরি পেলেও ১২ টেস্টের ক্যারিয়ারে আসিমের সর্বোচ্চ হয়ে আছে এই ৯৯-ই।
আট বা এর নিচে নেমে টেস্ট অভিষেকে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির সম্ভাবনাকে অনূদিত করতে পারেননি ওভারটন। তাঁর বিদায়ের পর নেমেই অবশ্য মারকাটারি ব্যাটিংয়ে ইংল্যান্ডকে সেই যন্ত্রণা একটু হলেও ভুলিয়েছেন স্টুয়ার্ট ব্রড (৩৬ বলে ৪২ রান)। ইংল্যান্ড শেষ পর্যন্ত অলআউট ৩৬০ রানে। সর্বোচ্চ ১৬২ রান বেয়ারস্টোর।