সেঞ্চুরিয়নে দুই সেঞ্চুরিয়ানের গল্প

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক নিজেদের বাড়ির উঠোন বানিয়ে ফেলেছেন এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা! এমনিতে শতক হাঁকানো তাঁদের নেশা। সেই নেশাটা বহুগুণে বেড়ে যায় সেঞ্চুরিয়নে এলে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও করলেন। দুজনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিনটি দক্ষিণ আফ্রিকার। দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪০।
ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ অাফ্রিকাকে। লাঞ্চের আগে স্বাগতিকদের কাঁপিয়েও দিয়েছিল তারা। আলভিরো পিটারসেন ও ডিন এলগারের উদ্বোধনী জুটিতে আসে ৫৭ রান। তখনই সেই ঝড়। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না হতেই টানা তিন উইকেটের পতন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০৮ ইনিংস খেলার পর ফাফ ডু প্লেসি প্রথম ‘০’ রানে আউট হলেন। প্রোটিয়াদের সামনে যখন বিরাট বিপর্যয়ের শঙ্কা, তখনই এল ডি ভিলিয়ার্স-আমলার প্রতিরোধ। সে এমনই প্রতিরোধ, দিনের সময় যত গড়িয়েছে, ততই তা বড় হয়েছে! চতুর্থ উইকেট জুটিতে হয়েছে দক্ষিণ আফ্রিকার পক্ষে নতুন রেকর্ড। দুজন ছাড়িয়ে গেছেন ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ক্যালিস-কারস্টেনের ২৪৯ রানের জুটি। এ অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৮৩ রান।
৯৬ টেস্টে ২০তম সেঞ্চুরি তুলে নিলেন ডি ভিলিয়ার্স আর ৮০ টেস্টে ২৩ সেঞ্চুরি আমলার। ডি ভিলিয়ার্সের সবচেয়ে বেশি সেঞ্চুরি এই সেঞ্চুরিয়নে—চারটি, আমলারও তা-ই। সেঞ্চুরিয়নে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড জ্যাক ক্যালিসের—পাঁচটি। ডি ভিলিয়ার্স-আমলা যেভাবে ছুটছেন, ক্যালিসের রেকর্ড তাতে হুমকির মুখে!
আগামী দিন ক্যারিবীয় বোলারদের ভোগাতে আমলা অপরাজিত থেকে ফিরেছেন ১৩৩ রানে, ১৪১ রানে ডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোচ ২টি ও কটরেলের নিয়েছেন একটি উইকেট।