সেঞ্চুরির একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরিয়ার নাফীস, মোসাদ্দেক হোসেন, সোহাগ গাজী—বরিশাল বিভাগের এই তিন ব্যাটসম্যান ব্যাটিংটা ভালোই জানেন। শাহরিয়ার ও সোহাগের টেস্ট সেঞ্চুরি আছে। তরুণ মোসাদ্দেক সর্বশেষ জাতীয় লিগে টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছেন। বরিশালের এই ত্রয়ীই কাল একই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। তাঁরা এবার বিসিএলে খেলছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলে। এই তিন সেঞ্চুরিতে ফতুল্লায় ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৩৮ রান তুলেছে দক্ষিণ। এই রানের ৪১৩-ই এসেছে কাল তৃতীয় দিনে।
এনামুল হকের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৬৮ রান যোগ করা শাহরিয়ারের নামের পাশে ১৬১। এই বাঁহাতির ২২৩ বলের ইনিংসে ১৯টি চার ও ১ ছয়। চতুর্থ উইকেটে শাহরিয়ারের সঙ্গে ১১৮ রান যোগ করা মোসাদ্দেক ২১৮ বলে ১০ চার ও ৭ ছক্কায় করেছেন ১৫৩। ৩২৭ রানে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে মোসাদ্দেকের সঙ্গে ১৮৫ রান যোগ করেছেন সোহাগ গাজী। ১০২ বলে ৬ চার ৮ ছক্কায় ১০৬ রান করে অপরাজিত সোহাগ, এটি তাঁর টানা দ্বিতীয় সেঞ্চুরি। মধ্যাঞ্চলের বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ১৭১ রানে নিয়েছেন ৭ উইকেট।
চট্টগ্রামে ৭ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন না জুনায়েদ সিদ্দিক (২৮৫ বলে ১৯৩)। তাঁর দল বিসিবি উত্তরাঞ্চলকে প্রথম ইনিংসে ৩৮৪ রানে অলআউট করে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ৮৯ রানের লিড নিয়েছে।