আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শন উইলিয়ামসের সেঞ্চুরির (১০২) পরও জিম্বাবুয়ে অলআউট ১৭২ রানে। ওয়ানডেতে কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি সত্ত্বেও তাঁর দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার। গত বছর জুলাইয়ে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে হাশিম আমলা ১০২ বলে ১০১ রান করার পরও দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিল ১৮০ রানে। কারও সেঞ্চুরির পরও দলের ২০০ রানের নিচে অলআউট হয়ে যাওয়ার ঘটনা ওয়ানডেতে আছে আরও ৫টি। ২০০০ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া করেছিল ১৯১ (ডেমিয়েন মার্টিন ১১৬*), একই বছর ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড করেছিল ১৯২ (অ্যালেক স্টুয়ার্ট ১০০*), ২০০৪ সালে কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ১৯৩ (কুমার সাঙ্গাকারা ১০১), ১৯৮২ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৯৪ (গ্রেগ চ্যাপেল ১০৮) ও ২০১১ সালে বুলাওয়েতে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ১৯৯ (ব্রেন্ডন টেলর ১০৬)।