বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর টানা দুই সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরি তামিম ইকবালের। ওই সিরিজে সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকারও। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের পাঁচ ম্যাচে কোনো সেঞ্চুরি নেই। ধারাটা আপাতত থামলেও ২০১৫ সালই বাংলাদেশের সবচেয়ে সেঞ্চুরি প্রসবিনী বছর। ১৪ ম্যাচে ছয় সেঞ্চুরি। এর আগে এক বছরে বাংলাদেশের ব্যাটসম্যানরা সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করেছিলেন ২০০৬, ২০০৮, ২০০৯, ২০১০ ও ২০১৪ সালে। সর্বশেষ ২০০৪ সালে ওয়ানডেতে কোনো সেঞ্চুরি ছিল না বাংলাদেশের। অবশ্য ওয়ানডেতে এ বছর সেঞ্চুরি হচ্ছে বেশি বেশি। সাত মাস পেরোতেই ২০১৫ সাল ছুঁয়েছে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। গতকাল ভারত-জিম্বাবুয়ে তৃতীয় ওয়ানডেতে কেদার যাদবের সেঞ্চুরিটি ছিল বছরের ৭৯তম। এবার ৯৬ ম্যাচেই হলো ৭৯ সেঞ্চুরি। এর আগে ৭৯ সেঞ্চুরি হয়েছিল ২০১৪ সালে, ১২১ ম্যাচে।