সেঞ্চুরির বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭, ২০১১ ও ২০১৪—নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে এই তিন বছরই ছিল সবচেয়ে সেঞ্চুরিপ্রসবা। সাত সেঞ্চুরির ওই তিন বছরকে অবশ্য নিউজিল্যান্ড পেছনে ফেলেছে গত বিশ্বকাপেই। আর পরশু জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলটির দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম ল্যাথামের সেঞ্চুরির পর সংখ্যাটা দ্বিগুণই হয়ে গেল। ২০১৫ সালে ২৫ ম্যাচে ১৪ ওয়ানডে সেঞ্চুরি নিউজিল্যান্ডের। ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে নিউজিল্যান্ডের চেয়ে বেশি সেঞ্চুরি করেছে শুধু দুটি দল। ১৯৯৯ সালে ভারতের ও ২০০৭ সালে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা করেছিলেন ১৫টি করে সেঞ্চুরি। তবে ১৯৯৮ সালে ৪০ ম্যাচে ১৮টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে শচীন টেন্ডুলকারের ভারত। ওই বছর ৫০ ওভারের ক্রিকেটে ৯টি সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার, যা এক বছরে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড।