সেঞ্চুরির মেলায় নেই তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চলছে ব্যাটিং-রাজত্ব। একটি সহজ পরিসংখ্যানই সেটি পরিষ্কার করে দেয়। আগের মৌসুমে সেঞ্চুরি হয়েছিল ১৯টি। আর এবার সপ্তম রাউন্ড শেষেই সেঞ্চুরি হয়ে গেছে ২১টি!
আজ থেকে শুরু অষ্টম রাউন্ডে সেঞ্চুরিসংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ ব্যাটসম্যানদের সামনে। ফতুল্লায় পয়েন্ট তালিকায় তলানিতে থাকা কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে প্রাইম দোলেশ্বরের ইমতিয়াজ হোসেন নিশ্চয়ই চাইবেন নিজের তৃতীয় সেঞ্চুরি করতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডান অধিনায়ক মুশফিকুর রহিম কিংবা প্রাইম ব্যাংকের সাব্বির রহমান-নুরুল হাসানের লক্ষ্য থাকবে দ্বিতীয় সেঞ্চুরি করে দলকে সুপার লিগের দিকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া। বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল চাইবেন এবার প্রিমিয়ার লিগে তাঁর প্রথম সেঞ্চুরিটি করে দলের সুপার লিগে খেলার আশা বাঁচিয়ে রাখতে।
প্রিমিয়ার লিগের প্রথম দিনেই বিকেএসপিতে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেন ইমতিয়াজ। প্রাইম দোলেশ্বরের এই ওপেনার একই ছন্দে ব্যাট করে গেছেন পরের ম্যাচগুলোয়ও। ৭ ম্যাচে ৬৭.৩৩ গড়ে ৪০৪ রান করে এ মুহূর্তে তিনি সর্বোচ্চ দ্বিতীয় রানসংগ্রাহক। ৭ ম্যাচে ৪১৯ রান করে তাঁর ওপরে আছেন মাসাকাদজা। শুধু শীর্ষে ওঠাই নয়, ইমতিয়াজের লক্ষ্য এখন আরও বড়, ‘সুপার লিগ খেলতে পারলে এখনো আমাদের সামনে ৯টি ম্যাচ আছে। ছন্দটা ধরে রাখলে ৮০০ রান মোটেও অসম্ভব নয়।’
এবারের ব্যাটসম্যানদের মধ্যে ইনিংস লম্বা করার প্রবণতা স্পষ্ট। এখানে উইকেট বড় ভূমিকা রাখছে বলে মনে করেন বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার, ‘ঐতিহ্যগতভাবেই আমাদের উইকেট মন্থর ও ধীরগতির হয়। এবার খেলা হচ্ছে ব্যাটিং-সহায়ক ন্যাড়া উইকেটে। বোলারদের তেমন কিছু করার নেই। তবে ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হবে। এই কন্ডিশনে লম্বা ইনিংস খেলতে শুধু শারীরিক নয়, মানসিক শক্তিও দরকার।’
উইকেট তো বটেই, নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ার কারণেও সেঞ্চুরির সংখ্যা বাড়ছে বলে মনে করছেন ব্যাটসম্যানরা। ৭ ম্যাচে ৭৪.৮০ গড়ে ৩৭৪ রান করা ভিক্টোরিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান আল আমিন মনে করেন এমনটাই, ‘সবার প্রস্তুতিই ভালো। তা ছাড়া আমাদের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা আগের চেয়ে বেড়েছে। নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করেই ইনিংস লম্বা করার চেষ্টা করছে সবাই।’
এ পর্যন্ত হওয়া ২১টি সেঞ্চুরির সাতটি করেছেন ওপেনাররা। বাকি ১৪টি এসেছে মিডল কিংবা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যাট থেকে। কলাবাগান ক্রীড়াচক্রের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সেঞ্চুরি পেয়েছেন ছয়ে নেমে। তবে জাতীয় দলের নিয়মিত তিন ওপেনার তামিম ইকবাল, ইমরুল কায়েস ও সৌম্য সরকার সেঞ্চুরির দেখা পাননি এখনো। যদিও তামিম-ইমরুল রানের মধ্যেই আছেন।
৭ ম্যাচে ৩৮.৭১ গড়ে ২৭১ রান করা তামিম এখন পর্যন্ত হাফ সেঞ্চুরি করেছেন তিনটি। মিরপুরে সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন একবার, শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে আউট হয়েছিলেন ৯০ রানে। কদিন আগেই রূপগঞ্জের ওপেনার সৌম্য আবাহনীর বিপক্ষে খেলেছেন ৮৪ রানের ইনিংস। ছন্দে আছেন ব্রাদার্সের ইমরুলও। তিনটি ফিফটি পেলেও সেঞ্চুরির দেখা পাননি। অবশ্য ইমরুল সেঞ্চুরি নিয়ে খুব একটা ভাবছেন না, ‘নিজের খেলায় আমি সন্তুষ্ট। এক ম্যাচে সেঞ্চুরি করে পরের চারটিতে বাজে খেলার চেয়ে টানা চার ইনিংসে ফিফটি করা ভালো না? দলের কাজে লাগে এমন ইনিংস খেলারই চেষ্টা করি সব সময়।’
তবে সেঞ্চুরিপ্রাপ্তিতে ওপেনাররা পিছিয়ে থাকায় হাবিবুল খানিকটা বিস্মিত, ‘কেন তারা সেঞ্চুরি পাচ্ছে না, এর নির্দিষ্ট কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এই উইকেটে ওপেনারদের সেঞ্চুরি করার সুযোগই বেশি। ওদের সামনে তো থাকে পুরো ৫০ ওভার।’