সেঞ্চুরিহীন একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাল্গুনের হঠাৎ বৃষ্টিতে ছন্দপতন জাতীয় লিগে। বৃষ্টির কারণে কাল চারটি ভেন্যুতেই ম্যাচ শুরু হতে হতে দিনের অর্ধেক শেষ। বিকেএসপিতে বেলা ১টায় খেলা শুরু হলেও মিরপুর ও ফতুল্লায় খেলা শুরু হয় বেলা ২টায়। বৃষ্টিবিঘ্নিত দিনে সেঞ্চুরিও হয়নি। ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিনে সর্বোচ্চ ৮৮ রান বরিশালের মোসাদ্দেক হোসেনের। ফিফটি পেয়েছেন একই দলের ফজলে রাব্বী (৭৫) ও আল আমিনও (৬৭*)। এই ত্রয়ী ফিফটিতে বিকেএসপিতে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৩৮ রান তুলে রাজশাহীর চেয়ে ৩২৬ রানে এগিয়ে গেছে বরিশাল।
বিকেএসপির অন্য মাঠে ঢাকা মহানগরকে ৩৪১ রানে অলআউট করে ৭৫ রানের লিড নেয় খুলনা। বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক নিয়েছেন ৫ উইকেট। মহানগরের হয়ে সর্বোচ্চ ৮১ রান মেহরাব জুনিয়রের। মিরপুরে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৩ রান তুলে রংপুরের চেয়ে ৯২ রানে এগিয়ে গেছে ঢাকা বিভাগ। এর আগে রংপুর প্রথম ইনিংসে করে ৩০৬। ধীমান করেছেন সর্বোচ্চ ৮১ রান। ঢাকার দুই পেসার শরীফ ও শাহাদাত নিয়েছেন ৪টি করে উইকেট। ফতুল্লায় প্রথম ইনিংসে ১৫৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে চট্টগ্রাম। সিলেট এগিয়ে ৩৫০ রানে।