সেডন পার্কে বোলারদের এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটসম্যানদের দুর্দশার দিনেও কেন উইলিয়ামসন নিজের মতো ব্যাট করে ৭৮ রানে অপরাজিত   l এএফপি
ব্যাটসম্যানদের দুর্দশার দিনেও কেন উইলিয়ামসন নিজের মতো ব্যাট করে ৭৮ রানে অপরাজিত l এএফপি

রোববারের সকালে মাঠভর্তি দর্শক, নীল আকাশ আর ঝলমলে রোদ—সব মিলিয়ে পোস্টকার্ডের ছবির মতো একটা টেস্ট ক্রিকেটের দিন। সেই দিনেই কি না এমন আত্মহননের নেশায় পেয়ে বসল শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের! আর তাতেই দ্বিতীয় দিন শেষে যে টেস্টের লাগাম তাঁদের হাতে ছিল, সেটা তৃতীয় দিনে নাটকীয়ভাবে চলে গেল নিউজিল্যান্ডের হাতে!
নিউজিল্যান্ডের প্রথম ইনিংস মুড়িয়ে দিতে মাত্র একটি উইকেট দরকার ছিল। সেটি শ্রীলঙ্কা পেয়ে গেল কাল মাঠে নামার ৬ বলের মধ্যেই। ৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর শ্রীলঙ্কা পেল ২০১৫ সালে তাদের সেরা উদ্বোধনী জুটিও। কিন্তু ৭১ রানের সেই জুটির পর হঠাৎই ওই আত্মহননের নেশা! যার ফল, পরের ৬২ রান তুলতেই সবগুলো উইকেট চলে গেল। ১৩.৫ ওভারের সেই ঘূর্ণিঝড়ে হ্যামিল্টন টেস্টও নিল নাটকীয় মোড়। টেস্ট ইতিহাসে শ্রীলঙ্কা এর চেয়ে বাজেভাবে ধসে পড়েছে আর মাত্র দুবার। ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ১০ উইকেট পড়েছিল ৫৯ রানে, ২০০১ সালে কলম্বোতে ইংল্যান্ডের বিপক্ষে বিনা উইকেটে ২১ থেকে অলআউট হয়ে গিয়েছিল ৮১ রানে!
১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ডও যে খুব ধৈর্য দেখাতে পেরেছে, তা কিন্তু নয়। লঙ্কান ব্যাটসম্যানদের ছোঁয়া যেন কিছুটা লেগেছে তাঁদের গায়েও। ১৪২ পর্যন্ত আসতেই তাই তাঁদেরও ৫ উইকেট নেই। জয় দিয়ে বছরটা শেষ করার জন্য কিউইদের তৃতীয় দিন শেষে কিউইদের দরকার ছিল আরও ৪৭ রান। শ্রীলঙ্কার সিরিজে সমতা ফেরানোর স্বপ্নে সবচেয়ে বড় বাধা হয়ে আছেন কেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরি এবং এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করা কিউই ব্যাটসম্যান—দুটি অর্জন থেকেই মাত্র ২২ রান দূরে উইলিয়ামসন। ২০১৪ সালে ১১৬৪ রান করে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে এক বছরে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডটা ব্রেন্ডন ম্যাককালামের দখলে। অপরাজিত ৭৮ রানের ইনিংসটি দিয়ে উইলিয়ামসন আরও একবার প্রমাণ করলেন, শ্রীলঙ্কা তাঁর দারুণ প্রিয় প্রতিপক্ষ। যাদের বিপক্ষে ১২ ইনিংসে তাঁর ৭৯৭ রান। দুটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ গড় ৮৮.৫৫!
এক দিনেই ১৬ উইকেট পড়েছে হ্যামিল্টনে! এমন নয় যে, অসাধারণ কিছু বোলিং হয়েছে। সেডন পার্কের উইকেটের বাউন্সটাই সামলাতে ব্যর্থ ব্যাটসম্যানরা। পুরো টেস্টে একই চিত্র। তিন দিনে যে ৩৫টি উইকেট পড়েছে, এর ৩১টিই কট আউট! ক্রিকইনফো।