সেদিন 'মুশফিক খেলছিল হাথুরুর বিপক্ষে'

চন্ডিকা হাথুরুসিংহ বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের আবহ পাল্টে গেছে।
২০১৮ সালের শুরুর দিকে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়েন হাথুরুসিংহে। এরপর শ্রীলঙ্কার কোচ হয়ে প্রথম সফরে আসেন সেই বাংলাদেশেই। সেবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বাংলাদেশকে হারানোর পর টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় হাথুরুর শ্রীলঙ্কা।
বাংলাদেশ আবার শ্রীলঙ্কার মাটিতে গিয়ে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে খেলে। একই বছর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপেও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দেখা হয়েছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের অবিশ্বাস্য সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ।
২০১৮ সাল জুড়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা মানেই লঙ্কান কোচ হাথুরুসিংহের বিপক্ষে খেলা। ক্রিকেটাররা তখন মুখে না বললেও তাদের অনুপ্রেরণার বড় জায়গা ছিলেন হাথুরুসিংহে।তখন সংবাদ সম্মেলনে বার বার এ নিয়ে প্রশ্ন করা হলেও ক্রিকেটাররা পাশ কাটিয়ে যেতেন। কিন্তু কাল রাতে জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অনলাইন আড্ডায় দুই বছর আগের চেপে যাওয়ার কথাগুলো বেরিয়ে এল।
মুশফিক সেদিন খেলেছিল পাঁজরে চিড় নিয়ে। আগের দিন পর্যন্তও তাঁর খেলার কথা ছিল না।শেষ মুহূর্তে চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নেন। শুরুতে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে চোখের পলকে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। হাতে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় তামিমকে। পরে পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে পড়েন তামিম। সেদিন চোট নিয়েই লড়াই করে বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন মুশফিক। বিশ্ব দেখেছিল তাঁর চোয়ালবদ্ধ লড়াই।
কাল আড্ডায় ১৪৪ রানের সেই ইনিংস নিয়ে মুশফিক বলেন, 'আগের দিন অনুশীলনও ঠিক মতো করতে পারিনি। নেটে ৫-১০টা বল খেলেছি। দেখলাম আমি কোন বড় শট খেলতে পারছি না। শুধু ডিফেন্স করতে পারছি। এখন এটা তো টেস্ট না যে আমি ডিফেন্স করে খেলে যাব। খুবই হতাশ ছিলাম। যখন ফিজিও'র সঙ্গে এক্সরে করতে গেলাম, চোখ দিয়ে পানি ঝরছিল। ফিজিও বুঝতে পেরেছিল, স্বাভাবিক কর্মকাণ্ড যেহেতু করতে পারছি না, নিশ্চয়ই পাঁজরে চিড় আছে। রাতে এক্সরে রিপোর্টে দেখি যে চিড় ধরা পড়েছে। রাতে আমি বিশ্বাসই করতে পারিনি যে খেলতে পারব। ঔষধ দিল, ডিনার করলাম। তারপর কেন জানি মনে হলো এ ম্যাচটা যে করেই হোক খেলতে হবে। প্রথম খেলা শ্রীলঙ্কার সঙ্গে, এটা তো জেতাই লাগবে।'
শ্রীলঙ্কার নাম শুনতেই তামিমের মুখে মুচকি হাসি। মুশফিককে থামিয়ে মুখে দুষ্টুমির হাসি টেনে তামিম যোগ করলেন, 'এটা ভুল বললি দোস্ত। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা না। বাংলাদেশ খেলছিল শ্রীলঙ্কার বিপক্ষে। মুশফিক খেলছিল হাথুরুর বিপক্ষে। এটা শুধু তুই না, আমাদের সবারই একটা জেদ ছিল। খারাপভাবে নেওয়ার কিছু নেই। যেভাবে ও চলে গেছে, বা যেভাবে আমরা চাচ্ছিলাম তাঁকে হারাতে, এমন না যে রাগের মাথায় বলছি, হাথুরু আছে হারাতে হবে। খেলোয়াড়সুলভ মনোভাবেই বলছি, ও আমাদের ভেতর-বাহির সব জানত। সেদিক থেকে ওকে যদি আমরা হারাতে পারতাম, তা আমাদের অনেক তৃপ্তি দিত। সেদিক থেকে সবাই চাচ্ছিলাম যেন শ্রীলঙ্কাকে হারাতে পারি। কোনো সন্দেহ নেই, তিনি খুবই ভালো কোচ ছিলেন।'
সে ম্যাচে ভাঙা হাত নিয়েই পরে ব্যাট করতে নেমেছিলেন তামিম। সঙ্গ দিয়েছিলেন মুশফিককে। তামিম নামার সময় ১২৭ রানে অপরাজিত মুশফিক শেষ পর্যন্ত ১৪৪ রান করে আউট হন। ২৬১ রান তুলে ম্যাচটা ১৩৭ রানের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।