
আগের রাতে সেন্ট কিটসের ওপর দিয়ে যে রকম ঝড় বয়ে গেল, সমুদ্রাভিযানে ভেবেচিন্তে যাওয়ারই দরকার ছিল। উত্তাল আটলান্টিক তাই পছন্দের তালিকা থেকে প্রথমেই বাদ। বাংলাদেশ দলের নৌবিহারটা হলো শান্ত ক্যারিবিয়ান সমুদ্রে।
এটুকু পড়ে তামিম ইকবাল প্রতিবাদী হয়ে উঠতে পারেন—কী! সমুদ্র আবার শান্ত হয় নাকি? সমুদ্র মানেই উথালপাতাল ঢেউ। যত বড় জাহাজই হোক, ঢেউ নিশ্চয়ই সেটিকে স্বাভাবিক ছন্দে রাখবে না। আটলান্টিক হোক আর ক্যারিবিয়ান, এসবে ভাই যাওয়ারই দরকার নেই।
হ্যাঁ, এক তামিম ইকবালই শুধু সঙ্গী হননি বাংলাদেশ দলের সমুদ্রবিহারে। গ্রেনাডায় স্নরকেলিং করতে সমুদ্রে গিয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে। ‘সি সিকনেসে’ এতটাই আক্রান্ত হয়েছিলেন যে জাহাজে শুয়েই পড়েছিলেন। প্রচণ্ড মাথা ঘোরানো, বমির ভাব—সমুদ্রকে ভয় পেতে যত রকমের অভিজ্ঞতা দরকার, সবই হয়েছিল ওই এক বিহারে। এবার তাই আর ভুল করেননি তামিম। পরশু সকাল থেকে দুপুর পর্যন্ত দলের কোচ-খেলোয়াড় সবাই ক্যারিবিয়ান সমুদ্রে এক দিনের পর্যটক হয়ে গেলেও তামিম রয়ে গেলেন ম্যারিয়ট রিসোর্টেই।
তা কেমন কাটল বাংলাদেশ দলের সমুদ্রাভিযান? ম্যানেজার হাবিবুল বাশারের অভিজ্ঞতা, ‘ভালোই। সকাল ১০টায় গিয়ে বেলা দুইটায় ফিরেছি। ছেলেরা স্নরকেলিং করল। তারপর হালকা লাঞ্চ করে ফিরে এল।’ লেখায় দু-একজন খেলোয়াড়ের অভিজ্ঞতা যোগ করতে পারলে ব্যাপারটা আরও জীবন্ত হয়ে ধরা দেয় পাঠকের কাছে। কিন্তু টিম ম্যানেজার হিসেবে হাবিবুল বাশার খেলোয়াড়দের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেওয়ার ব্যাপারে খুবই কৃপণ। তার ওপর দলের পারফরম্যান্সও হচ্ছে লজ্জাজনক। খেলোয়াড়দের ওপর তাই কড়া নির্দেশ, কোনো বিষয়েই অনুমতি ছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা যবে না। নির্দোষ সমুদ্রবিহার নিয়েও তাই প্রকাশ্যে মুখ খুলতে রাজি হলেন না কোনো খেলোয়াড়ই।
তবে নাম প্রকাশ না করার শর্তে দু-একজন তাঁদের অভিজ্ঞতা শোনালেন। দলের তরুণ এক ক্রিকেটার যেমন খুব সহজ-স্বাভাবিকভাবে বলছিলেন, ‘আমার তো খুবই ভালো লেগেছে। সমুদ্র দেখলাম, স্যান্ডউইচ আর চিকেন দিয়ে লাঞ্চ করলাম, তারপর ফিরে এলাম।’ আরেক ক্রিকেটারের কথা, ‘সফরের মধ্যে সবাই মিলে এক-আধটু এ রকম ঘোরাঘুরি করলে সব ধরনের চাপই অনেক কমে যায়। সবাই একসঙ্গে আড্ডা দেওয়া, খেলা ছাড়া অন্য কিছু নিয়ে একটা দিন কাটানো—এসব তো সচরাচর হয়ে ওঠে না আমাদের।’ আরেকজন বলছিলেন, ‘আমাদের জীবনের বেশির ভাগ সময়ই চলে যায় ক্রিকেটের পেছনে। নিজের অজান্তেই হয়তো আমরা বিরক্ত হয়ে উঠি ক্রিকেট-ব্যস্ত জীবনের ওপর। সেটা থেকে মুক্তির জন্যও এ রকম ঘুরতে যাওয়া ভালো। আর নতুন অভিজ্ঞতা তো হয়ই।’
এসব ব্যাপারে উৎসাহ আরও বাড়াতে মুশফিকুর রহিমের দল চাইলে কথা বলতে পারেন কলিন ক্রফটের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ফাস্ট বোলার এখন ধারাভাষ্যকার। খেলোয়াড়দের মতো তাঁকেও দৌড়াতে হয় এই শহর থেকে ওই শহরে, এক দেশ থেকে আরেক দেশে। খেলার দিনগুলো ছাড়া অন্য দিনগুলো ক্রফট কাটান ঘোরাঘুরি করে। ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে গায়ানার সাবেক এই ক্রিকেটার নিশ্চয়ই সেন্ট কিটসে জীবনে কম আসেননি। তার পরও পরশু তাঁকে গলায় ক্যামেরা ঝোলানো অবস্থায় পাওয়া গেল পোর্ট জানটের ডিউটি ফ্রি শপ এলাকায়। ‘আপনি এখানে...’ বলতেই হেসে উঠে বললেন, ‘যেখানেই যাই, আমি পর্যটক। এখানেও তাই...হা হা হা।’
ক্রফট এরপর মিশে গেলেন ‘শিপ ডে’তে আসা আরও অনেক পর্যটকের ভিড়ে। ‘শিপ ডে’, মানে সেন্ট কিটসের বন্দর পোর্ট জানটেতে এদিন জাহাজ ভিড়েছে। এসব দিনে দারুণ ব্যস্ত হয়ে ওঠে বন্দর। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা থেকে ছেড়ে আসা ক্রুজ শিপ কার্নিভাল ফ্রিডম প্রায় তিন হাজার যাত্রী নিয়ে আরও কয়েকটা দ্বীপ হয়ে নোঙর ফেলেছে সেন্ট কিটসের বন্দরে। ভোর চারটায় পৌঁছার পর সারা দিন থেকে বিকেল পাঁচটার দিকে কার্নিভাল ফ্রিডম পোর্ট জানটে ছেড়ে চলে গেছে অন্য কোনো দ্বীপের উদ্দেশে। মাঝের সময়টায় জাহাজের যাত্রীরা এক দিনের পর্যটক হয়ে ঘুরে বেড়িয়েছেন সেন্ট কিটসে। কেউ গেছেন জাতীয় জাদুঘরে দেখতে, কেউ শহরের মাঝখানে থাকা সেন্ট জর্জেস অ্যাংলিকান চার্চ ঘুরে এসেছেন, কেউবা সময়টা ব্যয় করেছেন শপিংয়ে।
সব দেশ, সব শহরেই এ রকম কিছু না কিছু ঐতিহাসিক জায়গা থাকেই। দল হিসেবে ঘোরাঘুরি করা তো অবশ্যই ভালো, অবসর সময়ে ক্রিকেটাররা চাইলে এসব জায়গাও ঘুরে দেখতে পারেন। সেন্ট কিটসের জায়গাগুলো টিম হোটেল থেকে খুব বেশি দূরেও নয়। পোর্ট জানটের কাছেই সেন্ট কিটস জাতীয় জাদুঘরে গেলে যেমন তাদের ধারণা হয়ে যাবে বাংলাদেশের মতো এই দেশটারও ১৯৭১ সালের সঙ্গে একটা সংযোগ আছে।
১৯৬৭ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সঙ্গে থাকা আরেকটি ছোট দ্বীপ অ্যাঙ্গুইলা স্বাধীন হয়ে যায়। এরপর সেন্ট কিটস ও নেভিস দুই দ্বীপ মিলে এক রাষ্ট্র হলেও ১৯৭১ সালে আলাদা হয়ে যেতে চেয়েছিল নেভিসও। সিমিয়ন ড্যানিয়েলের নেতৃত্বাধীন নেভিস রিফরমেশন পার্টি (এনআরপি) মাঠে নেমেছিল পৃথক রাষ্ট্রের দাবিতে। অনেক দেনদরবারের পর ১৯৮০ সালে বিষয়টার নিষ্পত্তি হয়। লেবার পার্টির কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর পিপলস অ্যাকশন মুভমেন্ট (পিএএম) পার্টি এনআরপিকে নিয়ে কোয়ালিশন সরকার গঠন করলে এনআরপি স্বাধীনতার দাবি থেকে সরে আসে।
চাইলে ঢুঁ মারা যায় সেন্ট জর্জেস অ্যাংলিকান চার্চেও। ধর্মীয় গাম্ভীর্য তো আছেই, স্থাপত্য আর ঐতিহাসিক নিদর্শন হিসেবেও দ্রষ্টব্য। বিশাল এই রোমান ক্যাথলিক চার্চটির একসময় নাম ছিল নটর ডেম। ১৭০৬ সালে ইংরেজ-ফরাসি যুদ্ধের সময় ইংরেজ সৈন্যরা এটি পুড়িয়ে দেয়। ১৭১০ সালে নতুন করে বানানো হয় চার্চটি, নাম দেওয়া হয় সেন্ট জর্জেস। ১৭২০ সালে এটি হয়ে যায় অ্যাংলিকানদের উপাসনাস্থল। যুদ্ধে বিধ্বস্ত হওয়া ছাড়াও হারিকেন, ভূমিকম্পেও একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই চার্চ। তবু কালের সাক্ষী হয়ে আজও সেটি দাঁড়িয়ে সেন্ট কিটসের বুকে, এক দিনের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে।