
আহ্! প্রতিটি সকাল যদি এভাবেই শুরু হতো!
ঘড়িতে সকাল সাড়ে ৬টা। রুমের যে টেবিলটায় বসে লিখছি, তার পাশেই বিশাল ব্যালকনি। বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ। ভোরের এমন স্নিগ্ধতা অনেক দিন পর অনুভব করলাম। ওয়েস্ট ইন্ডিজে আসার পর বাংলাদেশের সঙ্গে সময়ের এমনই গড়বড় হয়ে গেছে যে, পরদিনের পত্রিকার জন্য গভীর রাত পর্যন্ত লিখতে হয়। ভোর আর দেখা হয় না। নইলে গ্রেনাডিয়ান বাই রেক্স রিসোর্টের সমুদ্রপাড়ের সকালগুলোও বোধ হয় এর চেয়ে খারাপ ছিল না।
সেন্ট কিটসে আমার ঠিকানা সুগার বে ক্লাব অ্যান্ড রিসোর্ট। লাগোয়া সৈকত না থাকলেও সমুদ্র যে খুব বেশি দূরে নয়, সেটা টের পাওয়া যায় একটু পরপরই আসা ফুরফুরে হিমেল বাতাসের আন্দোলনে। এটির আশপাশেই আছে টিম হোটেল ম্যারিয়টসহ বেশ কয়েকটা অভিজাত রেস্তোরাঁ। জাপানি সুসি, ইন্ডিয়ান ও ইতালিয়ান রেস্টুরেন্ট—কী নেই!
ক্যারিবিয়ান দ্বীপগুলোর মধ্যে নানা বিষয় নিয়ে মতভেদের শেষ নেই। আলাদা দ্বীপ, আলাদা রাষ্ট্র, ভিন্ন পতাকা। যে বিনি সুতোর মালা এদের একসূত্রে গেঁথে রেখেছে তার নাম ক্রিকেট। ওয়ার্নার পার্কে পরশু এই নিয়েই কথা হচ্ছিল সেন্ট কিটস ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য ঘানেশ আগুলুর সঙ্গে। গায়ানায় জন্ম হলেও পরিবার নিয়ে এখন সেন্ট কিটসে স্থায়ী। ওয়ার্নার পার্কের ডাগ-আউটে বসে পেরিমিটার বোর্ড লাগানোর কাজ তদারকি করতে করতে জানাচ্ছিলেন, ক্রিকেটের পতাকার নিচে কীভাবে এক হয়ে গেল সব দ্বীপ, ‘কারণটা খুব সাধারণ। আমাদের এখানে সব দেশেই যে ভালো ক্রিকেটার আছে তা না। এই যেমন এখন জাতীয় দলে সেন্ট কিটসেরই কোনো ক্রিকেটার নেই। সবাই এক হয়ে খেলার মূল কারণ এটাই। দলটা শক্তিশালী হয়।’
বাংলাদেশ দল এখন সেন্ট কিটসে থাকলেও দেশটার নাম কিন্তু শুধু সেন্ট কিটস নয়, পুরো নাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ক্যারিবিয়ান সমুদ্রের বুকে ঢিল ছোড়া দূরত্বে ভেসে থাকা দুটি দ্বীপ মিলে এক রাষ্ট্র। দুই দ্বীপে যাতায়াতের জন্য ফেরি আছে, বিমান আছে।
নেভিসের চেয়ে আয়তনে বড় হলেও সেন্ট কিটসের আছে একটা দুঃখ। এই দেশ থেকে এখন পর্যন্ত যত ক্রিকেটার জাতীয় দলে উঠে এসেছেন, প্রায় সবাই-ই নেভিসের। দুই দ্বীপ মিলে দেশটার জনসংখ্যা ৫৫ হাজারের মতো। অথচ প্রায় ৪০ হাজার মানুষের দ্বীপ সেন্ট কিটস থেকেই আসছে না কোনো ক্রিকেটার!
ওয়াডে দলে সেন্ট কিটসের কেউ না থাকলেও ওয়েস্ট ইন্ডিজের এখনকার দলটায় নেভিসের একজন প্রতিনিধি আছেন—ওটিস গিবসন চলে যাওয়ার পর সহকারী কোচ থেকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পাওয়া স্টুয়ার্ট উইলিয়ামস। টেস্ট দলে আসতে পারেন নেভিসের আরেকজন কাইরান পাওয়েলও।
ক্রিকেটার না থাকলেও ক্রিকেট দিয়ে সেন্ট কিটসের অর্থ সমাগম ঠিকই হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) নিজস্ব কোনো স্টেডিয়াম নেই। যখন যেই দ্বীপে খেলা হয়, সেই দেশের সরকারের কাছ থেকে স্টেডিয়াম ভাড়া নেয় ডব্লুআইসিবি। এভাবে এবার সেন্ট কিটসের অনেক আয় হয়েছে বলেও জানালেন আগুলু, ‘সেমিফাইনাল, ফাইনালসহ এবার সিপিএলের ৯টা ম্যাচ হয়েছে এখানে। এখন বাংলাদেশ দলও এল। ম্যাচ আয়োজন আমাদের আয়ের বড় উৎস।’ ক্রিকেট হলে চাঙা হয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলোর পর্যটননির্ভর অর্থনীতিও। ‘অফ সিজনেও এবার প্রচুর লোক এসেছে সেন্ট কিটসে। বেশির ভাগই ক্রিকেটের কারণে। হোটেল-রিসোর্টগুলো ভালো ব্যবসা করেছে’—বলছিলেন আগুলু।
ক্রিকেটের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক অনেক দিন থেকেই। ক্রিকেট বিক্রি করে সে কাজটা সেন্ট কিটস ঠিকঠাকভাবে করতে পারলেও জাতীয় দলে প্রতিনিধিত্ব না থাকার কষ্ট তাতে দূর হয় না। কাইরন পোলার্ড, স্টুয়ার্ট উইলিয়ামসরা হয়তো সেন্ট কিটস অ্যান্ড নেভিসের, শুধু সেন্ট কিটসের যে নন!