সেন্ট ভিনসেন্টে 'বিভীষিকা'র রাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাজের নিঃসঙ্গ ক্যাপটেন যেন মুশফিক! ছবি: ডব্লুআইসিবির সৌজন্যে
জাহাজের নিঃসঙ্গ ক্যাপটেন যেন মুশফিক! ছবি: ডব্লুআইসিবির সৌজন্যে

খবরটা এক্কেবারে প্রথম পাতায়। প্রধান শিরোনাম। তাও আবার লাল কালিতে বড় ফন্টে—এ নাইট অব হরর! বিভীষিকাময় এক রাত!

এমনিতে সেন্ট ভিনসেন্ট ছোট্ট একটা দেশ। লম্বায় ১৮ মাইল, চওড়ায় ১১। এ মাথা থেকে ও মাথা ঘুরেও আসতে পারেন প্রাকৃতিক নৈসর্গ দেখতে দেখতে। ছোট্ট দেশ বলেই বড় খবরের জন্মও হয় না খুব একটা। সেই সেন্ট ভিনসেন্টের অন্যতম শীর্ষ পত্রিকা ভিনসেন্টিনিয়ান-এর প্রথম পাতায় আজকের শিরোনামটা চমকে দেওয়ার মতোই।

মূলত বাংলাদেশ ক্রিকেট দলের খোঁজ নিতেই পত্রিকাটিতে ঢুঁ মারা। আরও স্পষ্ট করে বললে বাংলাদেশ ক্রিকেট দলের হালহকিকত জানতে। আর পত্রিকাটির অনলাইনপাড়া ঘুরে ই-পেপার সংস্করণে ঢুঁ মারতেই চক্ষু চড়কগাছ! তবে কি বাংলাদেশ দলকে নিয়েই এই শিরোনাম!

৩০২ রানে পিছিয়ে থেকে অলআউট। ম্যাচ বাঁচানোর জন্য এখনো পড়ে রয়েছে দুই দুটি দিন। বাংলাদেশ না খেলতে পারছে টেলর-রোচদের পেস, পাঁচ উইকেট নেওয়া সুলিমান বেনকে তো মনে হচ্ছে বাঁ হাতি মুত্তিয়া মুরালিধরন। কাল রাতটা বাংলাদেশের জন্য বিভীষিকারই তো ছিল।

বৃষ্টির হানায় প্রথম দুই দিনে ৪০ ওভারের মতো খেলা হয়নি। শেষ দুই দিনও যদি বৃষ্টির বাগড়ায় আরও ৪০ ওভার বাতিলের খাতায় যায়, তবুও মনে হয় না এই টেস্ট বাংলাদেশ বাঁচাতে পারবে। তৃতীয় দিনে বাংলাদেশ যে অনেকটা বিভীষিকার মতোই ব্যাটিং করল। বাংলাদেশের ইনিংসের শুরুতেই, প্রথম সাত ওভারের মধ্যেই স্লিপে গোটা চারেক ক্যাচ গেল। ভাগ্য ভালো, দুটো ক্যাচ একটু কঠিন ছিল বলে রক্ষা। কঠিন, হয়তো ‘সিটার’ নয়। তবে স্লিপ ফিল্ডারদের এমন ক্যাচ ধরাই উচিত।

ভাগ্য আর কতবার আপনার কাছে ‘ভালো মানুষটি’ হয়ে থাকবে? আপনি বারবার অফস্টাম্পের বাইরের বল খোঁচাবেন তা তো হয় না। ভাগ্যেরও তো একটা ধৈর্য্যের সীমা আছে। টেলর আর রোচের বলে প্রায় একই ভঙ্গিতে নিচু হয়ে দুটো দারুণ ক্যাচ স্লিপে লুফে নিলেন ড্যারেন ব্র্যাভো। তামিম ইকবাল ও ইমরুল কায়েস ফিরলেন সাজঘরে। ১৮ রানে বাংলাদেশের প্রথম দুই উইকেট নেই! এ বছর ফিফটি করা তো দূরের কথা, পাঁচ ইনিংস মিলিয়েও ‘ফিফটি’ পূর্ণ হয়নি তামিমের, মোটমাট করেছেন ৪৯। এতটাই দুর্দশা চলছে দেশের সেরা ওপেনারের।

সেন্টার উইকেট থেকে আশপাশের পাহাড়-সমুদ্র কি আর দেখা যায়। ক্যারিবীয় অঞ্চল হচ্ছে পৃথিবীর মধ্যে একটা ছোট্ট ভূস্বর্গ। এসব জায়গায় খেলা-টেলা এসব তুচ্ছ জাগতিক কাজে সময় নষ্ট করার মতো বেরসিক বাংলাদেশের ব্যাটসম্যানরা নন। উইকেটে রোদে পোড়ার চেয়ে ড্রেসিংরুমে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ঢের ভালো। বাকিরা তাই আউট হওয়ার জন্য যারপরনাই চেষ্টা করে গেলেন।

বাকিরাও নেমে যেভাবে আউট হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন, মনে হচ্ছিল মন বসছে না পড়ার টেবিলে। মানে উইকেটে আরকি।

বাংলাদেশের খেলায় নাকি ধারাবাহিকতার প্রচণ্ড অভাব। সেই সব নিন্দুকের আসলে চোখ কানা। ব্যাটিংয়ে অধারাবাহিকতার দিক দিয়ে বাংলাদেশ যে আশ্চর্য রকমের ধারাবাহিক, সেই তথ্য কি তাদের চোখে পড়ে না?

শুরুর সেই ব্যর্থতার ধারাবাহিকতা তাই চললই। চলল ক্যাচ প্র্যাকটিস। বাংলাদেশের ৯ ব্যাটসম্যানই আউট হয়েছেন ক্যাচ দিয়ে। এর পাঁচটিই নিলেন স্লিপ ফিল্ডার ড্যারেন ব্র্যাভো। উইকেটকিপার বাদে এক ইনিংসে পাঁচ ক্যাচ নেওয়ার কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে এর আগে ছিল কেবল আরেক ড্যারেন—স্যামির। অবশ্যই বিরল কৃতিত্ব। স্মৃতি হিসেবে এই ম্যাচের কোনো না কোনো স্মরণিকা রেখে দেওয়া উচিত।

ভালো ব্যাটিং করলে ব্যাটটা স্মৃতি হিসেবে রেখে দেন ব্যাটসম্যানরা, ভালো বোলিং করলে বল। ভালো ক্যাচ নিলে স্মরণিকা হিসেবে কী রাখা যায়? ব্র্যাভো না শেষে বাংলাদেশের ওই পাঁচ ব্যাটসম্যানের ব্যাটই চেয়ে বসেন, যাঁদের কোনাকাঞ্চি ছুঁয়ে বল জমেছে তাঁর হাতে!

বাংলাদেশের পুরো ইনিংসে একমাত্র ফিফটি মুমিনুল হকের। ক্যারিয়ারের শুরু থেকে ছোট্ট কাঁধে বড় দায়িত্ব নিয়ে যিনি প্রতিকূল স্রোতে দাঁড় বেয়ে চলেছেন। বাংলাদেশের ইনিংসের একমাত্র ফিফটি জুটিটাও হলো তাঁরই সৌজন্যে। শামসুর রহমানকে নিয়ে গড়লেন ৬২ রানের জুটি। তখনো ২ উইকেটে ৮০ ছিল বাংলাদেশের স্কোর। সেখান থেকে ১৮২ রানে অলআউট। ১০২ রানে পড়েছে শেষ ৮টি উইকেট! অথচ বাংলাদেশ কিনা এক বোলার কম নিয়ে আট ব্যাটসম্যানকে একাদশে রেখে নেমেছে এই টেস্টে!

মুমিনুল ছাড়া যা একটু লড়াই করলেন অধিনায়ক মুশফিকুর। শেষ পর্যন্ত ৪৮ রানে অপরাজিত ছিলেন। সঙ্গী পেলে নিশ্চিত আরও অনেক দূর যেতেন। শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে ২৭ রানের জুটি করে শেষ চেষ্টাটাও করেছিলেন। এর আগে শুভাগতর সঙ্গে ১৯ রানে জুটিও গড়েছিলেন। কিন্তু শুধু মুশফিক আর মুমিনুলরাই করবেন, বাকিদের দায় নেই?

এই সব মিলিয়েই কি ভিনসেন্টিনিয়ান পত্রিকার সেই শিরোনাম? না, খবরটা পড়তে জানা গেল, সেই দেশে কোনো এক খুনি দুজন মানুষকে মেরে ফেলেছে। ছোট্ট দেশটার জন্য এটাই অনেক বড় খবর। তাই নিয়েই এত বড় লাল কালির শিরোনাম।

ভিনসেন্টিনিয়ান-এর সাংবাদিকেরা অবশ্য জানেন না, দুজন নয়, বাংলাদেশ ক্রিকেট দল প্রতিনিয়ত বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বপ্ন ইদানীং খুন করে চলেছে!