সেন্ট লুসিয়ায় স্মৃতিকাতর হাবিবুল

বিমানবন্দরটা আগের মতোই আছে। একটু চুপচাপ, এলায়িত ভঙ্গি। কিন্তু টিম বাসে হোটেলের দিকে যেতে যেতে অবাক হলেন হাবিবুল বাশার। ১০ বছরে অনেক বদলে গেছে সেন্ট লুসিয়া! দালান-কোঠায় আধুনিকতার ছাপ। শহরে যানবাহনের ব্যস্ততা বেড়েছে অনেক।
সেন্ট লুসিয়ার সঙ্গে একটা আবেগের সম্পর্ক আছে হাবিবুলের। ২০০৪ সালের কথা। বাংলাদেশের সেটি ওয়েস্ট ইন্ডিজে প্রথম পূর্ণাঙ্গ সফর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশ দল সেন্ট লুসিয়ায় এল প্রথম টেস্ট খেলতে। কে জানত, সেন্ট লুসিয়ার বোসেজো স্টেডিয়ামের ওই টেস্ট ম্যাচটাই হাবিবুলের দলকে নিয়ে যাবে নতুন উচ্চতায়!
প্রথম ইনিংসে হাবিবুল আর মোহাম্মদ রফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের স্কোর হলো ৪১৬। ক্রিস গেইলের সেঞ্চুরির পরও ওয়েস্ট ইন্ডিজের রানটা ৩৫২তে থামিয়ে দিয়ে ৬৪ রানের লিড। দ্বিতীয় ইনিংসে অপেক্ষা করছিল আরও বড় চমক। মাত্র ৭৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পরও বাংলাদেশ ৯ উইকেটে করল ২৭১। হ্যাঁ, ৯ উইকেটেই কারণ, টেস্ট ক্রিকেটে ওবারই প্রথম ১ উইকেট হাতে রেখে ইনিংস ঘোষণা করে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ দল। ৩৩৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিন শেষে ক্যারিবীয়রা করে বিনা উইকেটে ১১৩। ড্র হয়ে যায় টেস্ট। যদিও হাবিবুলের এখনো বিশ্বাস, আরেকটু চেষ্টা করলে ম্যাচটা বাংলাদেশ জিততেও পারত, ‘গেইল ১৪০ রান করেছিল। এত রান ওর হতো না যদি আমরা চার-পাঁচটা ক্যাচ না ফেলতাম। ক্যাচগুলো নিতে পারলে টেস্টের ফলাফল অন্য রকমও হতে পারত।’
হাবিবুলের কথামতো ওয়েস্ট ইন্ডিজ ওই টেস্টে হেরে গেলে আটলান্টিক আর ক্যারিবীয়রা সমুদ্রের উথাল-পাথাল ঢেউয়ে নিশ্চিতভাবেই ‘প্লাবিত’ হতো ওয়েস্ট ইন্ডিজ। হারের কথা বাদ দিন, ওয়েস্ট ইন্ডিয়ানরা তো ওই ড্রটাই মানতে পারছিল না! সাবেক ক্রিকেটার আর ক্রিকেট-পণ্ডিতদের সমালোচনার তিরে বিদ্ধ হতে থাকেন অধিনায়ক ব্রায়ান লারাসহ পুরো দল। সেই স্মৃতি মনে করে এখনো রোমাঞ্চ অনুভব করেন হাবিবুল, ‘পরের টেস্টটা ছিল জ্যামাইকায়। মনে আছে, সেন্ট লুসিয়ায় ড্রয়ের পর লারা বলেছিল, জ্যামাইকায় জিততে না পারলে অধিনায়কত্ব ছেড়ে দেবে। বাংলাদেশের বিপক্ষে ড্র করাটা সহ্য করতে পারছিল না কেউ।’ এত বড় সাফল্য যে মাঠে, সে মাঠের ছবিটা বারবার চোখের সামনে ভেসে উঠবেই! স্মৃতিকাতর হাবিবুল বলছিলেন, ‘এখানে এসে মাঠটার কথাই মনে পড়ছে বারবার। খুব ভালো সময় কাটিয়েছি আমরা ওই মাঠে। ভালো স্মৃতি নিয়ে ফিরেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ড্র করে ফেলব, এটা কেউ কল্পনাও করেনি তখন।’
মাঠের ফল তো ছিলই, সেন্ট লুসিয়ার প্রতি হাবিবুলের দুর্বলতার কারণ আরও আছে, ‘ মাঠের বাইরেও আমরা সেবার অনেক মজা করেছিলাম। এখানে আসার আগে গ্রেনাডায় শেষ ওয়ানডে খেললাম। মনে আছে, গ্রেনাডায় খাওয়া-দাওয়ার খুব সমস্যা হয়েছিল। কিন্তু সেন্ট লুসিয়ায় অনেক সুযোগ-সুবিধা ছিল। এখানে এসে হাঁপ ছেড়ে বেঁচেছিলাম।’ দল বেঁধে খেতে যাওয়া, একসঙ্গে ঘুরে বেড়ানো, মাঠে মধুর সময়—স্মৃতির ভেলায় ভেসে গিয়ে নস্টালজিক হয়ে পড়লেন হাবিবুল, ‘মনে আছে জাহাজ ভাড়া করে আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম। অনেক আনন্দ করেছিলাম সবাই। আসলে মাঠের পারফরম্যান্স ভালো হলে যা হয় আর কী...সবার মধ্যে একধরনের বাড়তি উদ্দীপনা কাজ করে।’
সেই হাবিবুল বাশার এবারও আছেন বাংলাদেশ দলের সঙ্গে। আছেন টিম ম্যানেজার আর নির্বাচকের দ্বৈত ভূমিকায়। সঙ্গে আছে রয়্যাল বাই রেক্স রিসোর্টটাও। ২০০৪-এর মতো এবারও সেন্ট লুসিয়ায় বাংলাদেশ দলের ঠিকানা এখানেই। চেনা পরিবেশে হাবিবুল নিশ্চয়ই ১০ বছর আগের স্মৃতিটাকে জীবন্ত করে তুলতে চাইবেন বর্তমান দলটির সামনে। সেই স্মৃতিকে টেনে এনে মুশফিকুরদের জন্য প্রেরণাদায়ী কথাই বললেন হাবিবুল, ‘১০ বছর আগে পারলে এখন পারব না কেন? আমাদের ছেলেদের সেই সামর্থ্য আছে। সেন্ট লুসিয়ার উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। আর ওয়েস্ট ইন্ডিজের বোলিংও অতটা ভালো মনে হয়নি আমার কাছে। আশা করি, এই টেস্টে আমাদের ব্যাটিংটা ভালো হবে। ব্যাটিং ভালো হলে আসলে সবই সম্ভব।’
ব্যাটিংটা ভালো হলে কী হয় সেটি তো হাবিবুলের দলই প্রমাণ করেছিল ২০০৪-টেস্টে! ২০১৪ সালে এসে ইতিহাস পুনরাবৃত্তির চেষ্টা নিশ্চয়ই করবে মুশফিকুরের দল!