সেমিতে সেরা চার আর গাপটিল-বিস্ময়

এই বিশ্বকাপ তা হলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বড় বিজ্ঞাপন হয়ে গেল!
র্যাঙ্কিংয়ের প্রথম এক-দুই-তিন-চারই সেমিফাইনালে! ফাইনালে অবশ্য এক আর দুইয়ের লড়াই দেখার কোনো সুযোগ নেই। সেমিফাইনাল যে এক-তিন আর দুই-চার না হয়ে ক্রম অনুসরণ করেছে!
আগামী মঙ্গলবার অকল্যান্ডে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত। এমনই হওয়ার কথা ছিল। দিন চল্লিশেক আগে ফিরে যান। ১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনে সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট হিসেবে এই চার দলের নামই ছিল মুখে মুখে। বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার পরও তা-ই।
তা সত্যি হওয়ায় আয়োজকেরা বেশি খুশি। স্বাগতিক দল না থাকলে যেকোনো টুর্নামেন্টই কিছুটা রং হারিয়ে ফেলে। ২৩ বছর আগে দক্ষিণ গোলার্ধে আয়োজিত সর্বশেষ বিশ্বকাপে স্বাগতিক দুই দেশের একটি সেমিফাইনালেই উঠতে পারেনি। এবার দুই স্বাগতিকই আছে। সঙ্গে ক্রিকেট-বাণিজ্যের লক্ষ্মী ভারতও। আর কী চাই!
সেমিফাইনালের চতুর্থ দল দক্ষিণ আফ্রিকার জন্য শেষ চারে স্থান পাওয়াটা উৎসব না হোক, বড় একটা স্বস্তির উপলক্ষ। এই প্রথম তাদের কাছে বিশ্বকাপের নকআউট ম্যাচ আর পরাজয় সমার্থক নয়। দক্ষিণ আফ্রিকা এমন দল, একদিন না একদিন ‘চোক’ করতে ভুলে যাওয়াটা অনিবার্যই ছিল। যা থেকে প্রেরণা খুঁজতে পারে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার জন্য এত দিন নকআউট ম্যাচ যা ছিল, নিউজিল্যান্ডের জন্য বিশ্বকাপ সেমিফাইনালও তা-ই। এই নিয়ে সপ্তমবারের মতো সেমিফাইনালে। অথচ এখনো বিশ্বকাপ ফাইনাল কী বস্তু, সেটি তাদের জানা হয়নি। মাশরাফি বিন মুর্তজা এই বিশ্বকাপেই মজা করে বলছিলেন, ‘নিউজিল্যান্ড নিজেরাই ফাইনাল খেলতে চায় না।’ সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলার রেকর্ডটিতে নিউজিল্যান্ডের যৌথ অংশীদার অস্ট্রেলিয়া চারবার বিশ্বকাপ জিতেছে, দুবার রানার্সআপ হয়েছে। একটু খেয়াল করলেই বুঝে ফেলবেন, অস্ট্রেলিয়া কখনো বিশ্বকাপ সেমিফাইনালে হারেনি। এবারও কি তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি? সেমিফাইনালেই থেমে যাবে নিউজিল্যান্ড আর আবারও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠা মানেই ফাইনাল? তার মানে ২৯ মার্চ এমসিজিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা?
গত পরশু কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক অবশ্য সেমিফাইনালে ভারতকে একটু এগিয়েই রাখলেন। কারণ খেলাটা সিডনিতে। এসসিজির উইকেট বরাবরই স্পিনবান্ধব আর অস্ট্রেলিয়ার ভালো কোনো স্পিনার নেই। মিসবাহর পরপরই সংবাদ সম্মেলনে এসে যা শুনে মাইকেল ক্লার্ক বললেন, ‘সিডনিতে আমি গতিময় উইকেটও দেখেছি। আর আমাদের স্পিন আক্রমণই বা খারাপ কী? ডোহার্টি আছে, ম্যাক্সওয়েল আছে, প্রয়োজনে আমিও হাত ঘোরাতে পারি।’
ক্লার্কের এমনই বলার কথা। কিন্তু ‘বৃহস্পতিবারই আমাদের বিশ্বকাপ ফাইনাল’ কথাটা কেন বললেন, তা ঠিক বোঝা গেল না। সেটি কি প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বলে? গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও স্বাগতিকদের কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে গিয়েছিল। সেখানেই অস্ট্রেলিয়ার টানা চতুর্থ বিশ্বকাপ জয়ের আশার সমাধি ঘটে। এবারও কি স্বাগতিকদেরই জয় হবে?
সেমিফাইনালে যা-ই হোক, তা অঘটন বলে বিবেচিত হওয়ার প্রশ্নই আসে না। অস্ট্রেলিয়া হারলে বা নিউজিল্যান্ড জিতলে এত দিনের ইতিহাসটা বদলে যাবে, এই যা! অঘটন বলতে পারেন কাল কোয়ার্টার ফাইনালে মার্টিন গাপটিলের ডাবল সেঞ্চুরিটাকে। দলীয় খেলায় ব্যক্তিগত কীর্তি বা ব্যর্থতার সঙ্গে অবশ্য ‘অঘটন’ শব্দটা ঠিক যায় না। তাহলে ‘অপ্রত্যাশিত’ বলুন বা বিস্ময়! বছর দুয়েক আগে এই গাপটিলই ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডেতে ১৮৯ রানে অপরাজিত ছিলেন, সেটি মনে রেখেই বলা হচ্ছে কথাটা। অপরাজিত ১৮৯ শুনলে মনে হতে পারে, সেদিনই ডাবল সেঞ্চুরিটা করে ফেলতে পারতেন। আসলে পারতেন না, ইনিংসের ৩ ওভার বাকি থাকতেও গাপটিলের স্কোর ছিল ১৫১, অত দূর যে গেছেন সেটাই বেশি।
গাপটিলের ডাবল সেঞ্চুরিকে কেন বিস্ময় বলা হচ্ছে, এই প্রশ্নের উত্তর একটু ভাবলে নিজেই পেয়ে যাবেন। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করতে পারেন, এমন ব্যাটসম্যানদের তালিকা করতে দিলে সম্ভাব্য ১০-১৫ জনের মধ্যেও কি গাপটিলকে রাখতেন আপনি? ওয়ানডের ‘টু হান্ড্রেড ক্লাব’-এ এখানেই গাপটিল ব্যতিক্রম। রোহিত শর্মার দু-দুটি ডাবল সেঞ্চুরি অবশ্যই একটু বিস্ময়-জাগানিয়া। তবে বাকি চারজন—টেন্ডুলকার, শেবাগ, গেইলের সঙ্গে কীর্তিটা খুব মানিয়ে যায়।
এক বিশ্বকাপেই দুটি ডাবল সেঞ্চুরি বুঝিয়ে দিচ্ছে, একবার যখন আগল খুলে গেছে, এখন এটি প্রায়ই হতে থাকবে। প্রথম ডাবল সেঞ্চুরি দেখতে ওয়ানডেকে ৩৯ বছর ও ২৯৬২তম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। শচীন টেন্ডুলকার একবার তা করে ফেলার পর ৫ বছরের মধ্যে ৬৮১টি ম্যাচেই আরও ৫টি ডাবল সেঞ্চুরি হয়ে গেল। যা মনে করিয়ে দিচ্ছে এক মাইল দৌড় আর রজার ব্যানিস্টারের কথা। চার মিনিটের কম সময়ে এক মাইল দৌড়ানোটা দীর্ঘ সময় ধরে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির মতোই মনুষ্যজাতির পক্ষে অসম্ভব বলে বিবেচিত হয়ে আসছিল। ১৯৫৪ সালে ব্যানিস্টার তা সম্ভব বলে প্রমাণ করার কয়েক বছরের মধ্যে আরও অনেকেই তা করে ফেলেন। চার মিনিটের মাইলফলকের মতো ওয়ানডেতে ডাবল সেঞ্চুরিও বুঝিয়ে দিচ্ছে, নতুন কোনো কিছু করার ক্ষেত্রে মানসিক বাধাটাই আসলে সবচেয়ে বড়। একবার শুধু সম্ভব বলে জানলেই যা উড়ে যায়।
ফোনে নিউজিল্যান্ডের সাংবাদিক কাল রসিকতা করছিলেন, মার্টিন গাপটিলের অবশ্যই মারলন স্যামুয়েলসকে ডিনার করানো উচিত। তৃতীয় বলেই ক্যাচ ফেলেছেন বলেই না গাপটিলের রান ৪ না হয়ে অপরাজিত ২৩৭! ওয়ারউইকশায়ারের পক্ষে ব্রায়ান লারার অপরাজিত ৫০১ রানের ইনিংসেও এমন একটা ঘটনা আছে। ১৮ রানে লারার ক্যাচ ফেলে দিয়েছিলেন ডারহামের উইকেটকিপার ক্রিস স্কট। যা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ‘ড্রপ’-এর যোগ্য মর্যাদা পেয়ে আসছে।
ওয়ানডে ইতিহাসে এই ‘কীর্তি’টা এখন মারলন স্যামুয়েলসের!