সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

এক সঙ্গে এশিয়ার চারটি দল উঠেছিল কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিদায় নিল শ্রীলঙ্কা, দ্বিতীয় দিনে ভারতের বিপক্ষে হেরে বাংলাদেশ। সর্বশেষ, আজ অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হেরে বিদায়ঘণ্টা বেজে গেল পাকিস্তানেরও। এতে ২৬ মার্চ ২য় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
আগেই জানা গিয়েছিল, অ্যাডিলেডের সবুজ উইকেটে রান-বন্যা দেখার সম্ভাবনা সীমিত। এ কারণে পাকিস্তানের ২১৪ রানের লক্ষ্যটা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হওয়ার আভাস মিলছিল। পাকিস্তানি পেসারদের তোপে ১০.৪ ওভারে ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে বসল অস্ট্রেলিয়া। পাকিস্তানের সামনে যখন দারুণ সুযোগ তখনই বিরাট ভুল করে বসলেন রাহাত আলী। ওয়াহাব রিয়াজের করা ১৭ তম ওভারের প্রথম বলে ফাইন লেগে শেন ওয়াটসনের ক্যাচ ছাড়লেন রাহাত। ওয়াটসনের রান তখন মাত্র ৪। সেই ওয়াটসন অপরাজিত ৬৪ রান করে ম্যাচ জিতিয়ে ফিরলেন। মাঝে স্টিভেন স্মিথের সঙ্গে চতুর্থ উইকেটে ৮৯ ও গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটি গড়লেন। তাতেই বিশ্বকাপ-অধ্যায় শেষ পাকিস্তানের! অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৬৫ রান এসেছে স্মিথের ব্যাট থেকে। ওয়াহাব রিয়াজ নিয়েছেন সর্বোচ্চ দুই উইকেট।
ক্যাচ হাতছাড়ার বড় মাশুলই দিল পাকিস্তান। অবশ্য এমন ক্যাচ ছাড়া তাদের নিয়মিত ঘটনাই। ক্রিকইনফোর ধারাভাষ্যে এক পাঠক লিখেছেন, ‘এ বিশ্বকাপে পাকিস্তান ১৫টি ক্যাচ ছেড়েছে, অবশ্যই এটি রেকর্ড’।
এর আগে অস্ট্রেলীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তান গুটিয়ে যায় ২১৩ রানে। পাকিস্তানি ব্যাটিং শুরু থেকেই এলোমেলো হয়ে যায় মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের গতিময় বোলিংয়ে। সেই সঙ্গে যোগ দিয়েছিলেন মিচেল জনসন ও জেমস ফকনারও। ধুঁকতে থাকা ইনিংসের মধ্যে যা একটু জবাব এসেছিল হারিস সোহেল ও মিসবাহ-উল হকের ব্যাট থেকে। সর্বোচ্চ ৪১ রান এসেছে সোহেলের ব্যাট থেকে, এ ছাড়া মিসবাহ করেছেন ৩৪ রান। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়া হ্যাজেলউড ম্যাচসেরা।
শহীদ আফ্রিদি ও মিসবাহ আগেই ঘোষণা দিয়েছিলেন, এ বিশ্বকাপ দিয়েই শেষ হবে তাঁদের ওয়ানডে ক্যারিয়ার। ফলে বিশ্বকাপ থেকে বিদায়ের মাধ্যমে দুই তারকার ইতি ঘটল ওয়ানডে থেকে। পাকিস্তানি সমর্থকদের হয়তো আক্ষেপ হবে এই ভেবে, শেষটা রঙিন হলো না পাকিস্তান ক্রিকেটের দুই মহীরুহের!