সেমিফাইনালে চার দলের তিনই এশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কা-পাকিস্তানের এক দলসহ সেমিফাইনালে তিনটি দল এশিয়ার। ছবি: এএফপি
শ্রীলঙ্কা-পাকিস্তানের এক দলসহ সেমিফাইনালে তিনটি দল এশিয়ার। ছবি: এএফপি

অনেক দিন পর চ্যাম্পিয়নস ট্রফিতে এশিয়ার চারটি দল খেলছে। আট দলের অর্ধেকই প্রতিবেশী চার দল। যদিও আঞ্চলিকতার এই আবেগ সরিয়ে রেখে এশিয়ার তিন দলকেই বাদ দিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। সেমিফাইনালে সম্ভাব্য চার দলের মধ্যে এশিয়া থেকে রেখেছিলেন শুধু ভারতকে। শ্রীলঙ্কান কিংবদন্তির ভবিষ্যদ্বাণী একেবারে উল্টো হয়ে ফলল। সেমিফাইনালে চার দলের তিনটিই এশিয়ার! বাংলাদেশ সবার আগে শেষ চার নিশ্চিত করেছে। এরপর ভারত। আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ থেকে একটি দল উঠে যাবে শেষ চারে।

এশিয়া থেকে অন্তত একটি দল ফাইনালে যাচ্ছে সেটিও নিশ্চিত। এমনকি অল-এশিয়া ফাইনালও হতে পারে! বাংলাদেশ-ভারত বিজয়ী ম্যাচের এক দল ফাইনালে তো যাবেই; ইংল্যান্ডকে হারাতে পারলে ফাইনালে যাবে আজকের ম্যাচের বিজয়ী দল। পাকিস্তান বা শ্রীলঙ্কা!
চ্যাম্পিয়নস ট্রফি শুরু আগে এবারের টুর্নামেন্ট নিয়ে লেখা কলামে সাঙ্গাকারা বলেছিলেন, ‘এ বছর এই টুর্নামেন্টে চারটি এশিয়ান দল খেলছে। এর মধ্যে নিঃসন্দেহে ভারত এ অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে। ২০১৩ সালে তারা এই ট্রফি জিতেছিল। এবারও জিততে পারে।’ সেমিফাইনালের সম্ভাব্য চার দলের নাম বলেছেন, ‘ফাইনালে কে কে খেলবে তা বেছে নেওয়া খুব কঠিন। তবে সেমিফাইনালের চার দল হিসেবে আমার ফেবারিট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা।’
তবে সেই কলামে বাংলাদেশেরও প্রশংসা করেছিলেন সাঙ্গাকারা। বলেছিলেন, বাংলাদেশ এবারের টুর্নামেন্টের ডার্ক হর্স, যে ঘোড়া আড়াল থেকে বের হয়ে এসে চমকে দিতে পারে রেসে। বাংলাদেশ এরই মধ্যে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো গ্রুপসঙ্গী দলকে বাড়ির বিমান ধরিয়ে উঠে এসেছে শেষ চারে। আর এক ম্যাচ জিতলেই ফাইনাল!
১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল দুটি। ফাইনাল ১৮ জুন। বাংলাদেশের খেলা ১৫ জুন, তা নিশ্চিত। সেই ম্যাচে প্রতিপক্ষ যে ভারত, এটিও একরকম নিশ্চিত।