সেমিফাইনালে থেকে বিদায় মুমিনুলদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মাটিতে ইমার্জিং কাপের ফাইনালে দর্শক হয়েই থাকতে হচ্ছে বাংলাদেশকে। সৌরভ দাশ
দেশের মাটিতে ইমার্জিং কাপের ফাইনালে দর্শক হয়েই থাকতে হচ্ছে বাংলাদেশকে। সৌরভ দাশ

ম্যাচের ভাগ্যলিপি তো লেখা হয়েছে আসিথা ফার্নান্দোর করা সপ্তম ওভারেই! ম্যাচ শেষে দুই দলের অধিনায়কের কণ্ঠেও সেই একই সুর—ফার্নান্দোর হ্যাটট্রিকটাই ম্যাচের গতিপথ ঠিক করে দিয়েছে। সেই চিত্রনাট্য মেনে শ্রীলঙ্কা জিতেছে ৮ উইকেটে। ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

উইকেটে কোনো জুজু ছিল না—তিন শর আশেপাশে রান এখানে নিয়মিতই ওঠে। আগের তিনটি ম্যাচেও ইনিংস প্রতি ২৭২ রান উঠেছে। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে টস হেরেছেন। আজ টসে জিতে ব্যাটিং নিয়েছেন মুমিনুল হক। তাতে হাসি ফুটেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে। কিন্তু সেই হাসি মিলিয়ে যেতে সময় লাগেনি। হঠাৎই এক ঝড়ে এলোমেলো হয়ে যায় ইনিংস। ২০ রানে পড়ে প্রথম উইকেট। ওই ২০ রানেই পরের দুই বলে নেই আরও দুই উইকেট।
ফার্নান্দোর প্রথম বলে ‘প্লেইড অন’ আফিফ হোসেন। পরেরটি চালাতে গিয়ে উইকেটকিপার সাদীরা সামারাবিক্রমাকে ক্যাচ দেন অধিনায়ক মুমিনুল। তৃতীয় বলে শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী পেসারের দেওয়া ইয়র্কারটা বুঝতেই পারলেন না নাজমুল হোসেন। উপড়ে গেল অফ স্টাম্প—হ্যাটট্রিক হয়ে গেল ফার্নান্দোর! ধাক্কাটা বাংলাদেশ আর কাটিয়ে উঠতে পারেনি।
২০ রানে পর পর ৩ উইকেট হারিয়ে কাঁপতে থাকা বাংলাদেশকে স্বস্তির শ্বাস ফেলতে দেননি শ্রীলঙ্কান বোলাররা। খানিক পর পর ব্যাটসম্যানদের যাওয়া-আসার মধ্যে অবশ্য ওপেনার সাইফ হাসান এগোচ্ছিলেন ধৈর্যশীল ব্যাটিংয়ে। অথচ তাঁর কী যে হলো, অ্যাঞ্জেলো পেরেরাকে অহেতুক ডাউন দ্য উইকেটে উড়িয়ে মারতে গিয়ে স্টাম্পড ৩২ রান করে। ৭৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের আশা বলতে তখন নাসির হোসেন। জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার দলের এলোমেলো ইনিংসটা গুছিয়ে নিচ্ছিলেন ধীরলয়ে। তিন চারে ৫৯ বলে ৩৯ রান করা নাসির লেগ স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লু হয়ে যান।
৩৬ ওভারে ৭ উইকেটে ১২০ রান করা বাংলাদেশ পুরো ৫০ ওভার খেলতে পারবে কি না—জহুর আহমেদে যখন এমন সংশয়, তখন অষ্টম উইকেটে সাইফউদ্দিন-আবুল হাসানের প্রতিরোধ। ৭২ বলে দুজনের ৫৩ রানই হয়ে থাকল বাংলাদেশের সর্বোচ্চ জুটি। উইকেটে টিকে থাকার সংগ্রাম করতে গিয়ে স্লগ ওভারে রান তোলাই কঠিন হলো। ৪১ থেকে ৪৫—চার ওভারে বাউন্ডারিই মারতে পারেনি বাংলাদেশ, রান উঠেছে মাত্র ১২। সাইফউদ্দিন-আবুল হাসান রান বাড়ানোর দিকে নজর দিয়েছেন মূলত ৪৬ ওভার থেকে। স্কোরটা তখন ২০০ পেরোবে বলেই মনে হচ্ছিল। কিন্তু মাইগ্রেনের সমস্যা নিয়ে মাঠ ছাড়লেন আবুল হাসান। পরে আর মাঠেই নামতে পারেননি তিনি। ৪৯তম ওভারের শেষ বলে লাহিরু সামারাকুনের বলে সাইফউদ্দিন (৩৭) বোল্ড হওয়ার পর কার্যত শেষ বাংলাদেশের ইনিংস।
সামান্য পুঁজি নিয়েই ১৫ রানে ২ উইকেট তুলে নিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু সেটি মিথ্যে বলেই প্রমাণ হলো খানিক পরে। বাংলাদেশের বাজে বোলিং আর গা ছাড়া ফিল্ডিংয়ের সুযোগে সাদিরা সামারাবিক্রামা আর চারিথ আশালাঙ্কার দুই ফিফটিতে শ্রীলঙ্কা লক্ষ্যটা পেরিয়ে গেছে ৮ উইকেট হাতে রেখেই।
মুমিনুল বলেছিলেন, তাঁদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক, বাংলাদেশ এখন ফাইনালের দর্শক!

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ১৭৯ (নাসির ৩৯, সাইফউদ্দিন ৩৭, সাইফ ৩২, আবুল হাসান ২৩, মিঠুন ১৫, ইয়াসির ১১, আফিফ ৮, নাঈম ৩*, নাসুম ২, মুমিনুল ০, নাজমুল ০; ফার্নান্দো ৪/৩২, অপংশু ১/১০, পেরেরা ১/১৩)।
শ্রীলঙ্কা: ওভারে ৩৮.৫ ওভারে ১৮০/২ (সামারাবিক্রামা ৮৮*, আশলাঙ্কা ৮৩* ; নাঈম ১/২৮, সাইফউদ্দিন ১/৪৫, নাসুম ০/৩৯, নাসির ০/২২, আফিফ ০/৩১)।
ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।