সেমিফাইনালে মেয়েদের সংগ্রহ ৮৯

অধিনায়ক জাহানারা আলমের শঙ্কা ছিল ব্যাটিং নিয়েই। গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচের ব্যাটিং পারফরম্যান্স দেখেই সেমিফাইনালে ব্যাটিংটা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। অধিনায়কের শঙ্কা-চিন্তা যে খুব অমূলক কিছু নয়, সেটা প্রমাণিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালেই। জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার এই ম্যাচে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ৮৯ রানেই।
পুরো ২০ ওভার ব্যাট করেই এই ৮৯ রান। উইকেট গেছে ৫ টি, কিন্তু রানের চাকাটা ঘোরাতে পারেননি ব্যাটসম্যানরা। টপ অর্ডারে ব্যর্থতা আজও আছে। একমাত্র শারমিন আকতারের ২২ ছাড়া বাকিদের ব্যাটে আসেনি কোনো দুই অঙ্কের সংগ্রহ। লোয়ার মিডল অর্ডারে ফারজানা হক ৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস না খেললে দলকে বড় ধরনের লজ্জার মধ্যেই পড়তে হতো। ফারজানা ৪টি চারে ৪৩ বল খেলে করেছেন এই রান। পাপুয়া নিউগিনির বিপক্ষে টেইল এন্ডারদের কাছ থেকে রান এসেছিল, কিন্তু আজ ঋতু মণি, জাহানারা আলমরা তেমন কিছু করতে পারেননি। জিম্বাবুয়ের জেসোফাইন নেকুমু ১২ রানে নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া আউদ্রে মাজভিশায়া পেয়েছেন একটি।
সূত্র: আইসিসি।