সেমিফাইনালের আগে পাকিস্তানকে দুঃসংবাদ দিলেন মালিক ও রিজওয়ান
দুবাইয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
তার আগে পাকিস্তান দলের জন্য দুঃসংবাদ বয়ে এনেছেন শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান। হালকা জ্বরের কারণে কাল দলের সঙ্গে অনুশীলন করেননি দুই ক্রিকেটার।
পাকিস্তানের সংবাদমাধ্যম কাল জানায়, শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানের করোনা পরীক্ষা করানো হয় কাল। দুজনেই নেগেটিভ হয়েছেন। দলের চিকিৎসক নাজিব সোমরো তাঁদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি তাঁরা খেলতে পারবেন কি না, তা আজ নিশ্চিত করবে টিম ম্যানেজমেন্ট।
সূত্র মারফত ‘জিও নিউজ’ জানিয়েছে, দুই ক্রিকেটার খেলতে না পারলে তাঁদের বিকল্প হিসেবে সরফরাজ আহমেদ ও হায়দার আলীকে খেলানো হতে পারে। ম্যাচের আগে আরেকবার শারীরিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানকে। কাল পাকিস্তানের অনুশীলনে পুরোদমে নিজেকে প্রস্তুত করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ।
পাকিস্তানকে বিশ্বকাপের এই পর্যায়ে আনতে বড় ভূমিকা রেখেছেন রিজওয়ান ও মালিক। এবারের বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান রিজওয়ান।
স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ ম্যাচে মালিকের ব্যাট থেকে আসে এবারের বিশ্বকাপের দ্রুততম ফিফটি। বিশ্বকাপ ফাইনালে ওঠার ম্যাচে দুজনকেই পেতে চাইবে পাকিস্তান।