অবিশ্বাস্যভাবে ম্যাচ ঘুরিয়ে দিল শ্রীলঙ্কা

সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল পাকিস্তান। কিন্তু তাদের অন্য পায়ে সজোরে ধাক্কা দিল শ্রীলঙ্কা। আর তাতেই পা হড়কাল সরফরাজের দল। ১৬২ রানে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান কাঁপছে।
অথচ ১ উইকেটে ৯২ রান তুলে ফেলেছিল তারা। পরের ৪৫ রান যোগ করতে পড়ে যায় ৫ উইকেট। প্রস্তুতি ম্যাচে অনেকটা এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে দলকে জিতিয়েছিলেন তরুণ ফাহিম আশরাফ। একটি করে চার ও ছক্কায় শুরুটাও করেছিলেন ভালো। কিন্তু ২৫ রানের জুটিটা ভাঙল অদ্ভুত রান আউটে। সরফরাজের স্ট্রেট ড্রাইভ বোলার পেরেরার আঙুলে লেগে ভেঙে দিল নন স্ট্রাইক প্রান্তের উইকেট। রিপ্লেতে দেখা গেল, ব্যাট শূন্যে ছিল ফাহিমের। সপ্তম উইকেটের পতন!
অধিনায়ক সরফরাজ একদিক ধরে রেখেছেন। অপরাজিত আছেন ২৮ রানে। কিন্তু পাকিস্তানের লাইন আপের লেজ বেরিয়ে গেছে। সরফরাজের সঙ্গী এখন আমির। ৩৪ ওভার শেষে পাকিস্তানের সামনে সমীকরণ ৯৬ বলে চাই ৬৪ রান। শ্রীলঙ্কার চাই আর ৩ উইকেট। ম্যাচটা রোমাঞ্চ ছড়াবে কি না, তা অনেকটা নির্ভর করছে এই জুটির ওপর।
অথচ পাকিস্তান দীর্ঘ সময় এই ম্যাচের লাগাম নিজেদের হাতের মুঠোয় রেখেছিল। শ্রীলঙ্কাকে ২৩৬ রানে আটকে ফেলে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল। পাকিস্তানের ওপেনিং জুটি তুলে ফেলেছিল ৭৪ রান। সেখান থেকে পরের ৮৮ রান যোগ করতে ফিরে গেছেন ৭ ব্যাটসম্যান। লঙ্কান বোলাররা দুর্দান্তভাবে ম্যাচে ফিরিয়ে এনেছেন দলকে।