সেরা আবিষ্কার মুস্তাফিজ

ক্রিস গেইলও এড়াতে পারলেন না মায়াবী বিভ্রম। মুস্তাফিজুর রহমানের প্রথম বলেই বোল্ড।
বিপিএলের এই খণ্ডচিত্রে খুঁজে নিতে পারেন মুস্তাফিজের পুরো বছরেরই ছবি। পুরো বছর তো নয়, আসলে আট মাস। গত ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা। এরপর তো ‘এলাম...দেখলাম...জয় করলামে’র মতোই হয়ে গেল তাঁর বছরটা!
ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ। পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা, সঙ্গে হয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট নেওয়া প্রথম বোলারও। মুস্তাফিজের আগে প্রথম দুই ওয়ানডেতে ১০ উইকেট ছিল ব্রায়ান ভিটরির।
এমন রাজসিক আবির্ভাব একজন ক্রিকেটারের জগৎটাই বদলে দেয়। মুস্তাফিজের বেলায়ও তাই হলো। সাতক্ষীরার ২০ বছর বয়সী অখ্যাত এই তরুণের নাম এই কয় মাসেই ছড়িয়ে পড়েছে ক্রিকেট-বিশ্বে। গুগলে বাংলাদেশের মানুষের আগ্রহের শীর্ষবিন্দুতে তিনি, আছেন আইসিসির সেরা ওয়ানডে একাদশেও। মাত্র আট মাসেই উঠতি ক্রিকেটার মুস্তাফিজ একটা ব্র্যান্ড হয়ে গেছেন। তাঁর ‘কাটার’ ঢুকে পড়েছে বিশ্বের বড় ব্যাটসম্যানদের ‘পাঠ্যসূচি’তেও। বছরের সেরা আবিষ্কার নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমান।
৭২.২২
২০১৫ সালে বাংলাদেশের ওয়ানডে জয়ের শতকরা হার। সাফল্যের হারে একমাত্র অস্ট্রেলিয়াই (৮৩.৩৩) আছে বাংলাদেশের ওপরে।
৪
এ বছরই বাংলাদেশ সবচেয়ে বেশি টেস্টে ড্র করেছে
৩১২
টেস্টে এবারই প্রথম ৩০০ রানের জুটি গড়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে তামিম-ইমরুলের ৩১২ দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে বিশ্ব রেকর্ড।