
এ রকম বিদায় আমি আশা করিনি। কিন্তু কিছু করার নেই, খেলোয়াড়েরা সব সময় তো স্বপ্নের বিদায়ী সংবর্ধনা পায় না। সবচেয়ে বড় কথা, দক্ষিণ আফ্রিকার কাছে কোয়ার্টার ফাইনালে অমনভাবে হেরে দল খুবই হতাশ। আমাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল, জয়টা দক্ষিণ আফ্রিকারই প্রাপ্য ছিল পুরোপুরি।
তারা নতুন বলে দারুণ বল করেছে, আমাদের চাপে ফেলে দিয়েছে। পিচ ব্যাট করার জন্য খুব সহজ ছিল না, তারা সেটা থেকে সর্বোচ্চ সুবিধা নিয়েছে। প্রতিটি রানের জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। এই টুর্নামেন্টে আমি ভালো ছন্দে ছিলাম, কিন্তু আমাকেও রানের জন্য প্রাণপাত করতে হয়েছে। তার পরও যতক্ষণ পর্যন্ত উইকেট আগলে রাখা সম্ভব, আমি বলার মতো একটা সংগ্রহ আশা করেছিলাম, সম্ভবত ২৫০ থেকে ২৭৫। টুর্নামেন্টজুড়েই আমরা দেখেছি শুরুতে তাড়াহুড়ো না করেও কীভাবে শেষ ১৫-২০ ওভারে প্রচুর রান তোলা যায়।
থিরিমান্নে ও আমি তৃতীয় উইকেটে চেষ্টা করে যাচ্ছিলাম। তখনই ওদের স্পিনাররা আঘাত হানল। আমরা স্পিন খেলতে বরাবরই অভ্যস্ত। অথচ এমন উইকেটে স্পিনারদের কাছে আমরা ৭ উইকেট দিয়ে এসেছি, এর কোনো অজুহাত হয় না। এটা মেনে নেওয়া খুব কঠিন। আরেকটু স্থির হয়ে খেলতে পারলে হয়তো আমরা বিপর্যয়টা এড়াতে পারতাম। তবে বিশ্বকাপে আমাদের বিভিন্নভাবে হোঁচট খেতে হয়েছে। চোট-সমস্যায় জর্জরিত হয়েছি। তবে এটাও অস্বীকারের উপায় নেই যে সেরা চারটি দলই সেমিফাইনালে উঠেছে।
ওয়ানডে ক্রিকেটে শেষবারের মতো মাঠ ছাড়াটা খুবই বিষাদের একটা মুহূর্ত ছিল। পরের দিনই আবিষ্কার করলাম, আমি এখন ‘সাবেক ওয়ানডে ক্রিকেটার’। আমার সন্তানরা অবশ্য খুশিই হয়েছে। বাবাকে তো তারা আরেকটু বেশি সময় কাছে পাবে! এরপর সিডনিতে ওদের ডায়নোসরের একটা প্রদর্শনী দেখাতে নিয়ে যেতে হয়েছে। ট্রেনে একজন শ্রীলঙ্কানের সঙ্গে আমার দেখা হলো। ভদ্রলোক অনেক আগেই অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন। ট্রেন থেকে নামার সময় আমার সন্তানদের হাতে চকলেটের বিশাল একটা ব্যাগ ধরিয়ে আমাকে ধন্যবাদ দিলেন। আমি খুবই আপ্লুত হয়েছি এতে। ভক্তদের জন্য খেলাটাই সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে।
এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমার জন্য সময়টাও আদর্শ। পরিবার ও বন্ধুদের সঙ্গে আমি এখন বেশি বেশি সময় কাটাতে চাই। কাউন্টি ক্রিকেট ও বিগ ব্যাশেও খেলার আরেকটু বেশি সুযোগ পাব। এখন পাকিস্তান ও ভারতের সঙ্গে আরও দুটি সিরিজ খেলা আমার বাকি। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে আমি পুরোপুরি বিদায় বলব। (গেমপ্ল্যান)