সেরা দল কোনটি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগের প্রস্তুতি: কাল মিরপুর স্টেডিয়ামের জিমে মুমিনুল হক
প্রিমিয়ার লিগের প্রস্তুতি: কাল মিরপুর স্টেডিয়ামের জিমে মুমিনুল হক

‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতি না থাকায় এবার ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে ফিরে এসেছিল পুরোনো আমেজ। খেলোয়াড়েরা সিসিডিএমের কার্যালয়ে গিয়ে হাসিমুখে সেরেছেন দলবদলের আনুষ্ঠানিকতা। পছন্দের খেলোয়াড়কে দলে ভিড়িয়ে হাসি ক্লাব কর্মকর্তাদের মুখেও।
হাসিটা যাতে দ্রুত মিলিয়ে না যায়, সেটি ভেবেই দল গড়েছে ক্লাবগুলো। তবে যারা এখন দল নিয়ে তৃপ্ত, তিন-চার রাউন্ড শেষে তারা কতটা তৃপ্ত থাকতে পারবে, সেটাই প্রশ্ন। এ মাসের শেষ দিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলতে উড়াল দেবে বাংলাদেশ। স্বাভাবিকভাবে প্রথম তিন-চার রাউন্ড শেষেই প্রিমিয়ার লিগে আর খেলা হবে না জাতীয় দলের খেলোয়াড়দের।
শক্তির তারতম্যে খুব বেশি পিছিয়ে নেই কেউই। আয়ারল্যান্ড সিরিজে থাকতে পারেন এমন খেলোয়াড়দের ধরলে মোহামেডান দলটা হয়েছে দারুণ ভারসাম্যপূর্ণ। গত প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন অধিনায়ক তামিম ইকবাল তো আছেনই। ব্যাটিং বিভাগ সামলাতে আছেন গত প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান (৭১৯) করা রকিবুল হাসান। আছেন ২০১৪-১৫ মৌসুমে সর্বোচ্চ রানসংগ্রাহক (৭১৪) রনি তালুকদার, গত মৌসুমে দারুণ ছন্দে থাকা শামসুর রহমান। মোহামেডানের বোলিং বিভাগও বেশ শক্তিশালী। পেস আক্রমণে কামরুল ইসলাম, শুভাশিস রায়। তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজ সামলাবেন স্পিন বিভাগ। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থাকায় তামিম-মিরাজ-শুভাশিসকে হয়তো পুরোটা সময় পাবে না মোহামেডান।
মোহামেডানের মতো একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে লিজেন্ডস অব রূপগঞ্জকেও। বাংলাদেশ দলের দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম এ দলেই। তখন দলকে এগিয়ে নেওয়ার ভার পড়তে পারে মোশাররফ হোসেন, নাঈম ইসলাম, মাহমুদুল হাসান, ইয়াসির আলী, দেওয়ান সাব্বির, হাসানুজ্জামানদের ওপর।
একই চ্যালেঞ্জ উতরে যেতে হবে সাব্বির রহমান, রুবেল হোসেন ও সৌম্য সরকারকে নেওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকেও। তখন দলের হাল ধরতে হবে আল আমিন, আসিফ আহমেদ, নাহিদুল ইসলাম, আল আমিন জুনিয়র, জাকির হাসান, তাইবুর পারভেজ, নাজমুল অপুর মতো একঝাঁক তরুণকে।
তবে জাতীয় দলের খেলোয়াড়েরা চলে যাওয়ার পরের বিকল্প প্রস্তুতিটা ভালোই নিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শুভাগত হোম, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম, সাইফউদ্দিনরা যদি চলেও যান, শিরোপা ধরার মিশনে থাকবেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন, সাকলাইন সজীব, সাইফ হাসান, আবু জায়েদ, আফিফ হোসেন, সাদমান ইসলামের মতো তরুণ খেলোয়াড়েরা। চোটে পড়া পেসার মোহাম্মদ শহীদকে আরও তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। উইকেটকিপার লিটন দাসকে আরও দুই সপ্তাহের বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকেরা। এ দুজনকে নিয়ে তাই অনিশ্চয়তা।
পাওয়ার সম্ভাবনা ক্ষীণ জেনেও সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। কিন্তু সাকিব পর্যন্তই। এই দলে বরং জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দেরই আধিক্য। ওয়ানডেতে ব্রাত্য মুমিনুল হক আছেন। আছেন নাসির হোসেন, শফিউল ইসলাম, এনামুল হক, জহুরুল ইসলাম, আবু হায়দার, সোহরাওয়ার্দী শুভদের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা থাকা খেলোয়াড়েরা।
গতবারের রানার্সআপ প্রাইম দোলেশ্বর আস্থা রেখেছে শাহরিয়ার নাফীস, আরাফাত সানি, মার্শাল আইয়ুব, ফরহাদ রেজা, ইমতিয়াজ হোসেনদের মতো ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমারদের ওপর। নিষেধাজ্ঞা কাটিয়ে মোহাম্মদ আশরাফুল দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে ফিরছেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে। অভিজ্ঞ-তারুণ্যের দারুণ মিশেল তাঁর দলে। তুষার ইমরান, মেহরাব জুনিয়রদের সঙ্গে আছেন সালেহ-সানজিতরা। প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতোই দল হয়েছে আবদুর রাজ্জাক, ইমরুল কায়েস, রাজিন সালেহ, নুরুল হাসান, তানভীর হায়দার, ফজলে রাব্বী, ইলিয়াস সানিদের নিয়ে গড়া শেখ জামাল জামাল ধানমন্ডি ক্লাবও।
দল গড়া শেষ, এবার শুরু মাঠের লড়াই। সংস্কারকাজ চলায় এবার প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ নেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আজ ফতুল্লায় লড়বে আবাহনী-খেলাঘর, বিকেএসপির দুই মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর-পারটেক্স ও রূপগঞ্জ-ব্রাদার্স ইউনিয়ন।
জাতীয় দলের খেলোয়াড়েরা কে কোথায়
গত ১২ মাসে যাঁরা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন
আবাহনী
মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, শুভাগত হোম, নাজমুল হোসেন (শান্ত), মোহাম্মদ সাইফউদ্দিন।
মোহামেডান
তামিম ইকবাল, তাইজুল ইসলাম, শুভাশিস রায়, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম।
লিজেন্ডস অব রূপগঞ্জ
মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মোশাররফ হোসেন।
প্রাইম ব্যাংক
সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেন।
গাজী গ্রুপ
সাকিব আল হাসান, মুমিনুল হক, নাসির হোসেন, শফিউল ইসলাম।
শেখ জামাল ধানমন্ডি
ইমরুল কায়েস, নুরুল হাসান, তানভীর হায়দার।